নলকূপ চাপতেই জলের বদলে গলগল করে বেরোল মদ! ঝাঁসিতে কারবারিদের কাণ্ডে তাজ্জব পুলিশ

উত্তরপ্রদেশের ঝাঁসিতে বেআইনি মদ কারবারিদের অভিনব কৌশল দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকদের। একটি বাড়ির উঠোনে বসানো সাধারণ নলকূপ বা টিউবওয়েল চাপতেই জল বেরোনোর বদলে গলগল করে বেরিয়ে এল দেশি চোলাই মদ। বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় এই অদ্ভুত ঘটনা সামনে আসে।

ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর ঝাঁসির তেজপুরা ঘুরাট গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে যৌথভাবে হানা দেয় পুলিশ ও আবগারি দপ্তরের একটি দল। তল্লাশি চালানোর সময় বাড়ির উঠোনে বসানো একটি নলকূপ দেখে আধিকারিকদের সন্দেহ হয়। এরপর পুলিশকর্মীরা নলকূপটি চাপতে শুরু করলে দেখা যায়, সেখান থেকে জলের বদলে চোলাই মদ বেরোচ্ছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে পুলিশকর্মীদের নলকূপ চেপে একটি গামলায় মদ সংগ্রহ করতে এবং পরে তা জেরিক্যানে ভরতে দেখা গিয়েছে।

তদন্তকারীরা খতিয়ে দেখে জানতে পারেন, কারবারিরা মাটির নিচে গোপন কুঠুরি তৈরি করে সেখানে বিপুল পরিমাণ চোলাই মদ মজুত করে রেখেছিল। কারও যাতে কোনওভাবেই সন্দেহ না হয়, সেজন্য ঠিক তার ওপরেই সাধারণ জলের নলকূপ বসিয়ে দেওয়া হয়েছিল। প্রয়োজন মতো ওই নলকূপ চেপেই মাটির নিচ থেকে মদ তুলে বিক্রি করা হতো।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লিটার বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আবগারি দপ্তরের দল। এ ছাড়া বেআইনি বিক্রি রুখতে সেখানে মজুত থাকা আরও প্রায় ১,০০০ লিটার চোলাই মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই গ্রামেরই ৩০ বছর বয়সী এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *