ত্বকের জেল্লা বাড়াতে বেসন-হলুদ স্ক্রাব! জানুন উপকারিতা ও ব্যবহারের নিয়ম

ত্বকের যত্নে বেসন ও হলুদের তৈরি স্ক্রাব বহুদিন ধরেই একটি জনপ্রিয় ঘরোয়া উপায় হিসেবে পরিচিত। এই মিশ্রণ ত্বক পরিষ্কার রাখতে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম না জানলে বা অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই ত্বকের জন্য বেসন ও হলুদের স্ক্রাবের উপকারিতা এবং তা ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে নেওয়া প্রয়োজন।

ত্বকের যত্নে বেসন ও হলুদ বেশ কার্যকর একটি ঘরোয়া মিশ্রণ। হলুদে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের সংক্রমণ কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। অন্যদিকে বেসন ত্বকের মৃত কোষ দূর করে মুখ পরিষ্কার রাখে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

তবে দীর্ঘদিন ধরে বা ঘন ঘন বেসন ও হলুদ ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা দেখা দিতে পারে। তাই এটি লাগানোর সময় বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। স্ক্রাবের সঙ্গে অল্প দুধ বা ক্রিম মেশালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং শুষ্কতার আশঙ্কা কমে। এতে ত্বক প্রয়োজনীয় পুষ্টিও পায়। যাদের ত্বক আগে থেকেই শুষ্ক, তাদের এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা উচিত।

ব্যবহারের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পাত্রে সামান্য বেসনের সঙ্গে এক চিমটি হলুদ নিন। প্রয়োজন অনুযায়ী দুধ বা ক্রিম মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তবে খেয়াল রাখবেন যেন এটি পুরোপুরি শুকিয়ে না যায়। স্ক্রাবটি হালকা শুকিয়ে এলে জল দিয়ে আলতো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

প্রচলিত আয়ুর্বেদিক ধারণা অনুযায়ী, হলুদ ও বেসনের এই মিশ্রণ শরীরের পিত্তের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে এবং ব্রণ ও দাগছোপ কমাতে সাহায্য করে। পাশাপাশি হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্যাকটেরিয়াজনিত সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে। তবে কারও ব্রণ বা ত্বকের সমস্যা দীর্ঘস্থায়ী হলে কেবল ঘরোয়া উপায়ের ওপর ভরসা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *