হিজাব ছাড়া গান গেয়ে চরম সাজা, পরস্তুকে ৭৪টি বেত্রাঘাত

নিজের ইউটিউব চ্যানেলে হিজাব ও ঢিলেঢালা পোশাক ছাড়া গান গাওয়ার কারণে ইরানের জনপ্রিয় গায়িকা পরস্তু আহমাদিকে ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে। ২৯ বছর বয়সি এই গায়িকার পাশাপাশি তাঁর দলের চারজন পুরুষ সদস্যকেও একই সাজা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোম শহরে এই শাস্তি কার্যকর করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। ইরানের প্রচলিত আইনে নারীদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ এবং নির্দিষ্ট বয়সের পর চুল ঢেকে হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক। কিন্তু সেই বিধি না মেনেই ইউটিউবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন পরস্তু। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত জুন মাসে কোমের একটি আদালত তাঁকে ও আরও কয়েকজনকে দোষী সাব্যস্ত করে। অশ্লীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ আনা হলেও শিল্পীরা তা অস্বীকার করেন। আদালত ৭৪টি বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য সংগীত চর্চা, ভিডিয়ো নির্মাণ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।
আইনজীবীরা সাজা রদ বা স্থগিত করার চেষ্টা করলেও উচ্চ আদালতে আপিল খারিজ হয়ে যায়। আইনজীবী মুস্তফা নিলি ও তাঁর দল সাজা কমানোর আবেদন জানালেও তা গৃহীত হয়নি। সোমবার কোমের সংশ্লিষ্ট দফতরে পরস্তু, তিন সংগীতশিল্পী সোহেল ফাগিহ নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং প্রযোজক মহসেন লশকরিকে ডেকে পাঠানো হয়। সেখানেই প্রত্যেকের ওপর ৭৪টি করে বেত্রাঘাত কার্যকর করা হয় বলে সংস্কারপন্থী সংবাদপত্র এতেমাদ জানিয়েছে।
এই ঘটনায় ইরানের ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মী ও অন্যান্য শিল্পী এই শাস্তিকে কঠোর ও অমানবিক বলে অভিহিত করেছেন। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অধিকর্তা বাহার গান্দেহারি বলেন, পছন্দমতো পোশাক ও গান গাওয়ার কারণে এই দণ্ড নারীদের অধিকার খর্ব করার এবং প্রতিবাদীদের নিরুৎসাহিত করার প্রয়াস।
ইরানে পোশাক ও হিজাব বিধি নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব সংক্রান্ত অভিযোগে তেহরানে আটক মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক নারী প্রকাশ্যে হিজাব বর্জন করেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে ধরপাকড় ও সতর্কতা জারি রাখা হয়।
চলতি বছরের জানুয়ারিতেও অর্থনৈতিক সংকট ঘিরে বড় বিক্ষোভ হয় এবং বহু মানুষ হতাহত ও গ্রেফতার হন। ইরান হিউম্যান রাইটস সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বেড়েছে। জানুয়ারির বিক্ষোভ, পুরনো আন্দোলন, নিষিদ্ধ গোষ্ঠী ও গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং আরও বহু মানুষ মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।