তাঁতশিল্পীদের মুখে হাসি ফেরাতে বড় পদক্ষেপ? বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি উচ্চশিক্ষা দফতরের

সমাবর্তন অনুষ্ঠানে প্রচলিত গাউনের বদলে দেশীয় হ্যান্ডলুমের পোশাক এবং ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের ওপর জোর দিল রাজ্য সরকার। এই মর্মে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর এবং সমাবর্তনের মতো বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠানে ভারতীয় হ্যান্ডলুমের পোশাক ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

ইউজিসি-র নির্দেশিকা ও হ্যান্ডলুমের সুবিধা

উচ্চশিক্ষা দফতরের চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের একাধিক নির্দেশিকার উল্লেখ করা হয়েছে, যেখানে সমাবর্তনের মতো অনুষ্ঠানে প্রচলিত গাউনের পরিবর্তে হ্যান্ডলুমের তৈরি পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে দফতর জানিয়েছে, ভারতের আবহাওয়ার সঙ্গে হ্যান্ডলুমের তৈরি পোশাক অনেক বেশি উপযোগী ও আরামদায়ক; পাশাপাশি এর মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ববোধের প্রকাশ ঘটবে এবং গ্রামীণ হ্যান্ডলুম শিল্প ও তাঁতশিল্পীদের জীবিকাও সহায়তা পাবে।

নকশার স্বাধীনতা ও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

পোশাকের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নকশা বা বাধ্যতামূলক পোশাকবিধি চাপিয়ে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সমাবর্তনের পোশাকের নকশা তৈরি করতে পারবে এবং উপাচার্য, বিশিষ্ট অতিথি ও স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি-প্রাপকদের জন্য পৃথক সমাবর্তনের পোশাক তৈরির ক্ষেত্রেও স্বাধীনতা দেওয়া হয়েছে; ভারতীয় ঐতিহ্য মেনে উত্তরীয়সহ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারের কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তাদের অধীনস্থ কলেজগুলোতেও এই উদ্যোগ কার্যকর করার কথা বলা হয়েছে। সমাবর্তনে গৃহীত পদক্ষেপের ছবি ও ভিডিও ইউজিসির ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি মনিটরিং পোর্টালে আপলোড করা যেতে পারে এবং কী পদক্ষেপ করা হয়েছে, তা উচ্চশিক্ষা দফতরকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যাদবপুরের সমাবর্তন ঘিরে TMCP-র চিঠি

এদিকে, ঠিক একমাস পর অর্থাৎ ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৯তম বার্ষিক সমাবর্তন। সেই অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলার দাবি জানিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ইউনিট; চিঠিতে একাধিক দাবি জানিয়েছেন সংগঠনের দুই সদস্য কিশলয় রায় এবং তীর্থরাজ বর্ধন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *