অস্তিত্বহীন আসনের টিকিট কীভাবে? ট্রেনে উঠে নিজের বার্থ খুঁজে পেলেন না যাত্রী, শোরগোল

কনফার্মড টিকিট হাতে ট্রেনে উঠেও নিজের বার্থ খুঁজে না পেয়ে চরম ভোগান্তিতে পড়লেন এক যাত্রী। বারাণসী সিটি থেকে গোরখপুরগামী ট্রেনে এই অদ্ভুত সমস্যার মুখে পড়েন ঈশান বাজপেয়ী নামের ওই যাত্রী। তাঁর অভিযোগ, টিকিটে ‘এ১/৫৪’ (A1/54) বার্থ সংরক্ষিত থাকলেও কামরায় উঠে তিনি দেখেন সেখানে মোট আসনই রয়েছে ৫২টি।

ঘটনাটির একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঈশান। সেখানে দেখা গিয়েছে, কামরার ভেতরে নিজের বার্থ খুঁজতে খুঁজতে আসনগুলির ছবি তুলে ধরছেন তিনি। পাশাপাশি প্রমাণ হিসেবে নিজের সংরক্ষিত টিকিটের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন ওই যাত্রী, যেখানে ‘এ১/৫৪’ বার্থ কনফার্ম থাকার বিষয়টি স্পষ্ট দেখা যাচ্ছে।

ঈশানের দাবি, রাত পৌনে ১১টা নাগাদ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় রাতের সফরে শোয়ার তো দূর, বসার জায়গাটুকুও পাননি তিনি। চরম বিপাকে পড়ে তৎক্ষণাৎ রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ যোগাযোগ করে অভিযোগ জানান তিনি।

সমাজমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ‘রেলওয়ে সেবা’-র তরফে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিষয়টি জানানো হয়েছে। তবে যে বার্থ কামরাতেই নেই, তা সিস্টেমে কীভাবে বুক হলো—এই প্রশ্ন তুলে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ট্রেনের ক্লাস বদলে যাওয়ার মতো নিজস্ব অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *