সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা? বিজয় সরকারের সিদ্ধান্তে মাদুরাইয়ে বিক্ষোভ, কড়া পুলিশি হুঁশিয়ারি

মাদুরাইয়ের তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ে বার্ষিক ‘কার্তিগাই দীপম’ প্রজ্বলন ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ও বিক্ষোভ দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যত অমান্য করে দরগার কাছের পাথরের স্তম্ভে প্রদীপ না জ্বালিয়ে উচি পিল্লাইয়ার মন্দিরের প্রথাগত স্থানেই প্রদীপ প্রজ্বলনের অনুমতি দিয়েছে তামিলনাড়ু প্রশাসন বলে অভিযোগ উঠেছে।

এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ঐতিহাসিক স্থানে প্রথাগতভাবে প্রদীপ জ্বালানো হয় এবং তিরুপ্পারানকুন্দ্রম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রী সিটিআর নির্মল কুমার এ বিষয়ে ঘোষণা করেন। তবে পাথরের স্তম্ভে দ্বিতীয় প্রদীপ জ্বালানো হচ্ছে না—এই খবর ছড়িয়ে পড়তেই পাহাড়ের পাদদেশে বিক্ষোভে ফেটে পড়েন ভক্তদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। সন্ধ্যা ৭টার দিকেও জমায়েত সরানোর জন্য মাইকিং করতে দেখা যায় পুলিশকে এবং ভিড় না সরলে লাঠিচার্জের হুঁশিয়ারিও দেওয়া হয়।

রাজনৈতিক মহলের মতে, জোট শরিক বাম, কংগ্রেস এবং ভিসিকে-র চাপের মুখে পড়েই পাথরের স্তম্ভটি অন্ধকার রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় যাঁদের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে, সেই শরিকদের অবস্থানের কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, রিভিউ পিটিশনে কোনও স্থগিতাদেশ না মেলায় রাজ্য প্রশাসন বড়সড় আইনি ঝুঁকির মুখে পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আগামী তিন দিনের মধ্যে মাদুরাইয়ের জেলাশাসককে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *