১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ভিসা কেন্দ্র! কলকাতা ও শিলিগুড়িতে বড় বদল

১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হতে চলেছে বাংলাদেশের বর্তমান দুটি ভিসা আবেদন কেন্দ্র। সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা পরিষেবা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে ওই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ফলে ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্তমান সংস্থার অধীনে আর ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, পুরনো সংস্থার পরিবর্তে নতুন একটি সংস্থাকে ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন সংস্থার নাম কী এবং কোথায় নতুন আবেদন কেন্দ্র তৈরি হবে, তা এখনও জানানো হয়নি। পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তের অর্থ বাংলাদেশে যাওয়ার ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া নয়। মূলত ভিসার আবেদন গ্রহণের পরিকাঠামো এবং পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার পরিবর্তন হতে চলেছে। নতুন কেন্দ্র কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, চিকিৎসা, ব্যবসা কিংবা পর্যটনের কাজে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের আপাতত নতুন নির্দেশিকার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন সংস্থা ও আবেদন কেন্দ্রের ঠিকানা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *