ব্রহ্মস থেকে রামায়ণ—এশিয়ায় বাড়ছে ভারতের দাপট! চিনের ব্যবধান কত কমল?

এশিয়ার ক্ষমতার সমীকরণে ক্রমশ নিজের অবস্থান আরও মজবুত করছে ভারত। একদিকে ভারতের তৈরি সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। অন্যদিকে রামায়ণ, যোগাভ্যাস, সিনেমা ও ভারতীয় শিল্প-সংস্কৃতির প্রভাবও ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। প্রতিরক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগের এই দুই ক্ষেত্রেই ভারতের অগ্রগতির কথা উঠে এসেছে অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লোই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে এই সূচক চালু হওয়ার পর চিনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। যদিও সামগ্রিক ক্ষমতার নিরিখে চিন এখনও অনেকটাই এগিয়ে রয়েছে। এই সূচকে চিনের স্কোর ৭৩.৬ এবং ভারতের স্কোর ৪০.৫। সামগ্রিকভাবে তৃতীয় স্থান ধরে রেখেছে ভারত।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ ইতিমধ্যেই ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্রেতা হিসেবে উঠে এসেছে। সেগুলো হল ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া। ২০২২ সালে প্রথম বিদেশি ক্রেতা হিসেবে ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ফিলিপিন্স। এবার আরও প্রায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ৬০টি ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা চলছে, যার সম্ভাব্য চুক্তির মূল্য ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার হতে পারে বলে জানা গিয়েছে।
২০২৬ সালের মে মাসে ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মস কেনার চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। ওই সম্ভাব্য চুক্তির মূল্য প্রায় ৬২৯ মিলিয়ন ডলার। এর আগেই মার্চ মাসে ইন্দোনেশিয়াও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তির কথা জানায়। লোই ইনস্টিটিউটের প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারতের স্কোর বেড়ে হয়েছে ১৮.৬ এবং এই বিভাগে দু’ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছে ভারত।
শুধু সামরিক ক্ষেত্র নয়, সংস্কৃতির মাধ্যমেও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হয়েছে। কম্বোডিয়ার মন্দিরের ভাস্কর্য, ইন্দোনেশিয়ার রামায়ণ নৃত্যনাট্য এবং থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য রামাকিয়েনে ভারতীয় ঐতিহ্যের সুস্পষ্ট প্রভাব দেখা যায়। পাশাপাশি যোগ, সিনেমা, সংগীত, শিক্ষা এবং প্রবাসী ভারতীয়রাও এই সাংস্কৃতিক যোগাযোগকে এগিয়ে নিয়ে চলেছেন।
২০২৬ সালের সাংস্কৃতিক প্রভাব সূচকে ভারতের স্কোর ২.৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৮। ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত, যেখানে এই বিভাগে চিনের স্কোর ৬০.২। অন্যদিকে অর্থনৈতিক সক্ষমতার সূচকে ভারতের স্কোর কিছুটা কমলেও ভবিষ্যৎ সম্পদের ক্ষেত্রে উন্নতি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতিরক্ষা সম্পর্ক, অর্থনৈতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক প্রভাবের সম্মিলিত ফলেই এশিয়ায় ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে, যদিও সামগ্রিক ক্ষমতার নিরিখে চিনের সঙ্গে ব্যবধান এখনও যথেষ্ট।