এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে ট্রাকের ধাক্কা! প্রাণ গেল ৪ শিশুর

দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসকে পিছন থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের কনৌজে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চার জন শিশু। এই ঘটনায় পড়ুয়া ও শিক্ষকসহ প্রায় ২৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে কনৌজের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কৌশাম্বী থেকে মথুরার দিকে যাওয়ার পথে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের দ্রুত একটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
কনৌজের পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, বাসটি এক্সপ্রেসওয়ের পাশে কিছুক্ষণ দাঁড় করানো ছিল। ঠিক সেই সময় একটি দ্রুতগামী ট্রাক এসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের সবাইকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় চার জন শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট আশুতোষ মোহন অগ্নিহোত্রী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আহত শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুরা হল রিয়াজের ছেলে আরমান, রাজিউল্লাহ, আরিয়ান চৌরাসিয়া এবং জায়েদ মির্জা। তারা সবাই কৌশাম্বীর বাসিন্দা।
আহত বেশ কয়েকজন শিশু এবং স্কুল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিহত ও আহত শিশুদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলোতে। নিজেদের সন্তানদের অবস্থা জানতে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা স্কুল কর্মী ও হাসপাতালে ফোন করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।