হিন্দি ছবির চাপে কোণঠাসা বাংলা ছবি! নবান্নে জরুরি বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী

গত সোমবার থেকেই ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটির প্রেক্ষাগৃহ না পাওয়া এবং শো কমানোর অভিযোগ ঘিরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। হিন্দি ছবির দাপটে বাংলা ছবির প্রদর্শন সুযোগ সংকুচিত হওয়ার অভিযোগ তুলে পরিচালক সায়ন্তন ঘোষাল থেকে শুরু করে টলিউডের একাধিক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—উভয় ধরনের হল মালিক ও প্রদর্শকদের পাশাপাশি কয়েকজন প্রযোজক ও পরিচালককেও এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার থেকেই সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায় অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি ঘিরে টলিপাড়ায় চর্চা তুঙ্গে। অভিযোগ উঠেছে যে, আগামী সপ্তাহে একটি হিন্দি ছবির মুক্তির কারণে এই বাংলা ছবির শো কমানো হচ্ছে এবং প্রদর্শন বন্ধ করার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রদর্শকদের পক্ষ থেকে শো কমানোর ইঙ্গিত মেলার পর ছবিটিকে সব প্রেক্ষাগৃহ থেকেই পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। এই বিতর্কের পরেই বাংলা সিনেমার স্বার্থ ও উন্নতির কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে এই বৈঠক আয়োজনের খবর সামনে আসে।
এই বৈঠকে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। পাশাপাশি ডিস্ট্রিবিউটরদের মধ্যে প্রিয়া সিনেমার অরিজিৎ দত্ত, মেনোকা সিনেমার প্রণব রায়, অজন্তা সিনেমার রতন সাহা এবং নবীনা সিনেমার নবীর চৌখালি-সহ আরও অনেকের থাকার কথা রয়েছে। প্রযোজক ও পরিচালকদের মধ্যে মহেন্দ্র সোনি, সুরিন্দর সিংহ, ফিরদৌসল হাসান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, অঞ্জন বসু এবং শমীক রায়চৌধুরীর উপস্থিত থাকার কথাও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, পুজোর সময় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মুক্তির দিনেই ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বলিউডের বহু প্রতীক্ষিত ছবির সঙ্গে একসঙ্গে মুক্তি পেলে প্রেক্ষাগৃহ পেতে সমস্যা হতে পারে, এই আশঙ্কায় তখন মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত গত ২০ নভেম্বর মুক্তি পায় ছবিটি এবং শুরুতে দর্শকদের কাছ থেকে ভালো সাড়াও মেলে। কিন্তু মুক্তির এক সপ্তাহ কাটতে না কাটতেই নতুন আরও একটি হিন্দি ছবির জন্য শো কমানোর অভিযোগে বিতর্ক দানা বাঁধে। মঙ্গলবার নবান্নের বৈঠকে বাংলা ছবির হল সংকট ও শো বণ্টন নিয়ে কী সমাধান উঠে আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।