‘কিছু বাঁচাতে আসিনি, সব নতুন করে জিততে এসেছি’! জেনেভায় গুকেশ-সিন্দারভ মহারণ

বছর দুই আগে ডিং লিরেনকে হারিয়ে অষ্টাদশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের জেনেভায় ফের নামছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সিংহাসন ধরে রাখার লড়াইয়ে। প্রতিপক্ষ উজবেকিস্তানের জাভোখির সিন্দারভ। দু’জনেরই বয়স ২০, যার ফলে এটি হতে চলেছে ইতিহাসের কনিষ্ঠতম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। ১৪ ম্যাচের এই মহারণ শুরুর আগেই নিজের চেনা সুর বদলে দিলেন ভারতীয় তারকা। বিনয়ী অথচ দৃঢ় কণ্ঠে গুকেশের সাফ বার্তা, তিনি এখানে কিছু বাঁচাতে আসেননি, বরং সব কিছু নতুন করে জিততে এসেছেন।
প্রস্তুতি ও দৈনন্দিন অভ্যাসের দিক থেকেও দুই দাবাড়ির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। গত সাত মাসের ঠাসা টুর্নামেন্ট সূচি পেরিয়ে মঞ্চে উঠেছেন সিন্দারভ, আর গুকেশ এসেছেন দু’বছরের তুলনামূলক শান্ত প্রস্তুতি নিয়ে। প্রতিযোগিতায় চারটি বিশ্রামের দিন থাকলেও জেনেভা লেকের পাড়ের ক্রিসমাস মার্কেট বা পাহাড়ি কুয়াশায় ঘোরার পরিকল্পনা নেই গুকেশের। তিনি জানান, আগেও এখানে খেলেছেন এবং ইন্টারলাকেনে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন, তবে বিশ্রামের দিনে আলাদা কিছু করার ভাবনা নেই, টুর্নামেন্টের পরেই ভালো সময় কাটাবেন। প্রবাসী ভারতীয়দের পাঠানো ঘরোয়া খাবারেই স্বস্তি খুঁজছেন তিনি। গুকেশের কথায়, স্বচ্ছন্দ থাকা খাবারই তাঁর পছন্দ, তাই প্রচুর ভারতীয় খাবার খাচ্ছেন এবং জেনেভার কয়েকজন খুব আন্তরিকভাবে তাঁর জন্য রান্না করে দিচ্ছেন।
অন্যদিকে সিন্দারভের বক্তব্য, তিনি জেনেভা শহর বেশ উপভোগ করছেন, যদিও এখানে এটিই তাঁর প্রথম সফর। বিশ্রামের দিনে হয়তো বেশি করে ভিডিও গেম খেলবেন বলে জানিয়েছেন তিনি। কাউন্টার স্ট্রাইক গেমে মজে থাকা এই উজবেক দাবাড়ির খাবারে বিশেষ বাছবিচার নেই এবং জাপানি খাবারও চেখে দেখতে রাজি তিনি।
এবারের আসরের ভেন্যুতেও এসেছে বড় বদল। কলোগনির ফন্দাসিওঁ মার্টিন বডমার গ্রন্থাগারে জেন অস্টেন, গ্যেটে, চার্লস ডিকেন্স, ইমানুয়েল কান্ট ও ভিক্টর হুগোর বইয়ে ঠাসা ঘরে এবার সাউন্ডপ্রুফ কাচের ঘেরাটোপ নেই। হাতেগোনা দর্শকের সামনে খেলা হচ্ছে, যেখানে পরিবেশ অনেকটা বক্সিং রিংয়ের মতো মুখোমুখি দ্বৈরথের রূপ নিয়েছে। বাড়ির দর্শকদের জন্য বোর্ডের চারপাশে অন্তত ১৫টি ক্যামেরা রাখা হয়েছে, যার কয়েকটি কোটের পিনের চেয়ে সামান্য বড়।
দুই শিবিরের সঙ্গী ও দর্শক পাসের ব্যবস্থাও নজর কেড়েছে। গুকেশের কোণায় রয়েছেন দীর্ঘদিনের কোচ গ্রেগর্জ গায়েভস্কি, যাঁর তত্ত্বাবধানে তিনি ক্যান্ডিডেটস ও গত বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বাবা রজনীকান্ত সাংবাদিক বৈঠক ও রবিবারের উদ্বোধনীতে না থাকলেও এসেছেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। সিন্দারভের শিবিরে আছেন সঙ্গিনী কাজাখ গ্র্যান্ডমাস্টার বিবিসারা আসাউবায়েভা, কোচ রোমান ভিদোনিয়াক ও সেকেন্ড মুখিদ্দিন মাদামিনভ। উদ্বোধনী অনুষ্ঠানে উজবেক গ্র্যান্ডমাস্টার শামসিদ্দিন ভখিদভকেও দেখা গেলেও দলের সদস্য হিসেবে তাঁর নাম ঘোষণা করেননি সিন্দারভ। দর্শকদের জন্য ২৯৯ সুইস ফ্রাঁর ভিআইপি পাস ও ৪৪ সুইস ফ্রাঁর ফ্যান পাসের ব্যবস্থা রাখা হয়েছে।