জার্মানির শত শত স্কুলে বোমা হামলার ইমেইল! ফ্রান্স ও ইতালির পর ইউরোপে নতুন আতঙ্ক?

জার্মানিতে সোমবার সকালে শত শত স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করা হলেও পুলিশের দাবি, এখন পর্যন্ত কোনো বাস্তব বিপদের ইঙ্গিত মেলেনি।

জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি-র ‘ট্যাগেশাউ’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রেইবুর্গ ও হামবুর্গসহ একাধিক শহরের এবং বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে এই হুমকি-বার্তা এসেছে।

তথ্যমতে, থুরিংগিয়া অঙ্গরাজ্যের বহু স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের ভাষায় লেখা হুমকি-ইমেইল পাঠানো হয়েছে। তবে থুরিংগিয়া পুলিশের বক্তব্য, আপাতত এই হুমকিগুলোকে তারা গুরুতর বলে মনে করছে না। শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু না করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

ফ্রান্স ও ইতালিতেও একই ছবি এর আগে চলতি নভেম্বর মাসেই ফ্রান্সের তিনটি স্কুল বোমার হুমকি পাওয়ার পর খালি করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।

ফরাসি দৈনিক ‘লে প্যারিসিয়ান’-এর তথ্য অনুযায়ী, মার্সেই, পূর্ব ফ্রান্সের মোরেজ এবং উত্তর-পূর্ব ফ্রান্সের লাওন এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়। ফ্রান্সের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় ‘লে প্যারিসিয়ান’-কে জানায়, ১২ নভেম্বর বোমার হুমকি সংক্রান্ত তিনটি ঘটনা সামনে আসে, তবে একে বড় কোনো ঘটনার পর্যায়ভুক্ত করতে নারাজ তারা।

বোমার হুমকি ও এ ধরনের সতর্কবার্তার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে দেশ সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আয়োজিত নবম ‘ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি’ (ইপিসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, এসব হুমকির পেছনে কারা রয়েছে তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো মেলেনি এবং কোনো বিদেশি শক্তির সম্পৃক্ততাও নিশ্চিত হয়নি।

অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১১ নভেম্বর ইতালিতেও বোমার হুমকির জেরে শত শত স্কুল খালি করা হয়েছিল। সরকারি চ্যানেল ‘রাই নিউজ ২৪’-এর প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে স্কুল প্রশাসনের কাছে হুমকি-ইমেইল পাঠানো হয় এবং রোম, মিলান ও ফ্লোরেন্সের মতো বড় শহরগুলোর স্কুল এতে ক্ষতিগ্রস্ত হয়।

ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা ৭’ শিক্ষামন্ত্রী গিউসেপ ভালডিটারার বরাত দিয়ে জানায়, অন্তত ৩০০টি স্কুল এই হুমকির মুখে পড়েছিল এবং সংখ্যাটি আরও বাড়ার আশঙ্কা ছিল। যদিও জার্মানি, ফ্রান্স ও ইতালিতে সামনে আসা অধিকাংশ ক্ষেত্রেই কোনো প্রকৃত বিস্ফোরক উদ্ধার হয়নি, তবুও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *