মুম্বইয়ে ২৪ ঘণ্টা জল বন্ধ! আপনার এলাকাও কি এই তালিকায় রয়েছে?

নভেম্বরের শেষ সপ্তাহে মুম্বইবাসীকে জলকষ্টের মুখে পড়তে হতে পারে। প্রধান জল সরবরাহ পাইপলাইনের লিকেজ সারানোর কাজের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) টানা ২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ রাখার ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৭ নভেম্বর, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর ফলে শহরের পাঁচটি প্রশাসনিক ওয়ার্ডের একাধিক এলাকায় জল সরবরাহ ব্যাহত হবে।
বিএমসি-র তথ্য অনুযায়ী, পোয়াই হাই লেভেল রিজার্ভার নম্বর-১ থেকে সাহার গ্রামের মাঝামাঝি অংশে প্রধান জল সরবরাহ পাইপলাইনের লিকেজ মেরামত করা হবে। এই কাজের কারণে বেশ কিছু এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে এবং অন্য কয়েকটি এলাকায় স্বল্প চাপে জল মিলবে।
ধারাভি ও বান্দ্রা ইস্টসহ যেসব এলাকা প্রভাবিত হবে জল বন্ধ থাকার ফলে ধারাভি, মারোল, চাকলা, জেবি নগর, বান্দ্রা ইস্ট, ভিক্রোলি, কাঞ্জুরমার্গ এবং ভান্ডুপের বেশ কিছু অংশে প্রভাব পড়বে।
বিএমসি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাঁচটি ওয়ার্ডে জল সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে, আর বাকি কিছু অংশে কম চাপে জল দেওয়া হবে। তাই আগে থেকেই প্রয়োজনীয় জল জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।