অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি বিধায়কের! আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী, তোলপাড় তামিলনাড়ুতে

মহিলা জেলাশাসককে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল তামিলনাড়ুর টিভিকে (TVK) বিধায়ক সি আরুল ভিগনেশের বিরুদ্ধে। এই অভিযোগ সত্যি কি না, তা খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।
অভিযোগ, তামিলনাড়ুর শাসক দল টিভিকে-র বিধায়ক সি আরুল ভিগনেশ রাজ্যেরই এক মহিলা জেলাশাসককে অশ্লীল মেসেজ পাঠান। ওই মহিলা জেলাশাসক পুলিশ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন কি না, তা জানতে চেয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এ দিন হাইকোর্ট বিশেষ সরকারি কৌঁসুলিকে নির্দেশ দিয়েছে, ঘটনার পর পুলিশে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনও অভিযোগ জানানো হয়েছিল কি না, ওই জেলাশাসক এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলে আগামিকালের মধ্যে তা হাইকোর্টকে জানাতে হবে।
কী অভিযোগ মামলাকারীর?
আইনজীবী আর থ্রিশুলির করা মামলার ভিত্তিতে এ দিন এই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে এফআইআর এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে আর্জি জানান তিনি। আবেদনকারীর অভিযোগ, ওই মহিলা জেলাশাসক বিষয়টি তামিলনাড়ুর মুখ্যসচিবকে জানালেও কোনও ফৌজদারি পদক্ষেপ করা হয়নি।
এই মামলায় আগের দিন শুনানি চলাকালীন রাজ্য জানিয়েছিল, ওই মহিলা জেলাশাসক পুলিশে কোনও অভিযোগ জানাননি। ওই মহিলা জেলাশাসক সত্যিই পুলিশে অভিযোগ এবং রাজ্য সরকারকে বিষয়টি জানিয়েছিলেন কি না, তা এ দিন জানতে চেয়েছে হাইকোর্ট।
অভিযোগ অস্বীকার বিধায়কের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগকে নস্যাৎ করেছেন টিভিকে বিধায়ক সি আরুল ভিগনেশ। তাঁর দাবি, নিজের এবং তাঁর দলের ভাবমূর্তি নষ্ট করতেই রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই অভিযোগ করা হয়েছে। মহিলা ওই জেলাশাসককে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠানো অথবা মদ্যপ অবস্থায় তাঁর বাসভবনে যাওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিধায়ক ভিগনেশ।
এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় কী প্রতিক্রিয়া দেন, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। টিভিকে সূত্রের খবর, দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক চলাকালীন অভিযুক্ত বিধায়ক সি আরুল ভিগনেশের সঙ্গে আলাদা করে কথা বলেন বিজয়। দোষ প্রমাণ হলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, ভিগনেশকে বিজয় সেই বার্তাও দিয়ে রেখেছেন বলে সূত্রের খবর।