‘সই করিনি বলেই বারবার ডাক, ১০০ বার!’ এনআইএ তলব নিয়ে কোন বড় অভিযোগ সাবিনার?

প্রায় ছয় ঘণ্টা পর এনআইএ (NIA) দফতর থেকে বেরোলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। বাইরে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাবিনা জানান, তদন্তে যতরকমের সহযোগিতা করা সম্ভব, তিনি করবেন এবং আগামী দিনে প্রয়োজন হলেও পাশে থাকবেন। পাশাপাশি কড়া বার্তা দিয়ে বলেন, যাঁরা আজ হেনস্থা করার চেষ্টা করছেন, আজ হোক বা কাল, সময় কিন্তু কোনও দিন কারও সমান যায় না।

‘আমি জোড়া ফুলের বিধায়ক, সই করিনি বলেই ডাক’

কেন তাঁকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন— এই প্রশ্নের মাঝপথেই সাবিনা ইয়াসমিন বলেন, “কারণ আমি তৃণমূল। মমতা তৃণমূল, কোনও তৃণমূল এখানে নেই, এখানে আমি তৃণমূলের এমএলএ, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকের আমি এমএলএ। এটাই আমি বলতে পারি, এখানে মমতা তৃণমূল আর আপনারা যেটা বলছেন যে, গণতান্ত্রিক তৃণমূল, আমি এই পরিপ্রেক্ষিতে না, আমি একজন তৃণমূলের এমএলএ।”

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তলবের অভিযোগ প্রসঙ্গে সুজাপুরের বিধায়ক জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দুই তরফেই সই করতে বলা হয়েছিল। তাঁর দাবি, গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে বারবার সই করার জন্য অনুরোধ ও চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তিনি সই করেননি। সাবিনার কথায়, “সিগনেচার করিনি। ফলে আমার এটা মনে হয়েছে, আমি রাজনীতির শিকার আমি হয়েছি। বারবার আমাকে হেনস্থা করা হচ্ছে।”

সই না করার কারণেই কি এনআইএ ডাকছে বলে মনে করছেন— এমন প্রশ্নে তাঁর স্পষ্ট জবাব, “নিশ্চয়ই, এটা তো ১০০ বার। কারণ কোনও ক্লু নেই। আমাকে বারবার ডাকার কোনও ক্লু নেই। একবার ডাকতে পারে, কোনও ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু দ্বিতীয়বার ডাকার কোনও ক্লু আমার কাছে… কারণ আমি পরিষ্কার নিজের কাছে।”

আগের তলব ও তদন্তের প্রসঙ্গ

এর আগে যখন তাঁকে ডাকা হয়েছিল, তখন তাঁর অবস্থান কী ছিল— জানতে চাইলে সাবিনা বলেন, “তখন আমাকে বিভিন্ন ইস্যু নিয়ে, যেহেতু আমি এখানে উইনিং করেছি, এনআইএ চলছে, সেটাকে কেন্দ্র করে তদন্তের সাপেক্ষে এদের কিছু কোয়ারি ছিল, সেই কোয়ারির পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম, না এটা হয়তো আমার থেকে কিছু জানতে পারবে। সেটা হতেও পারে। কিন্তু দ্বিতীয়বার ডাকার একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ডাকা হয়েছে।” তাঁর দাবি, তদন্তকারীরা চাপে পড়ে ডাকছেন এবং শাসকদল এনআইএ-কে ব্যবহার করে হেনস্থা করছে।

জাতীয় সড়ক অবরোধ ও উত্তর-দক্ষিণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মামলার প্রসঙ্গ তুললে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সাবিনা: “আপনি ওখানে ছিলেন, আমি যে ওখানে ছিলাম বললেন..”

তদন্তের বিষয়বস্তু নিয়ে নির্দিষ্ট প্রশ্ন করা হলে তিনি জানান, অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন সবকিছু প্রকাশ্যে বলা সম্ভব নয়, তবে তিনি তলবে সহযোগিতা করেছেন। আবার ডাকা হলে ১০০ শতাংশ সহযোগিতা করবেন বলেও জানান তিনি। তাঁর মতে, এ ক্ষেত্রে এনআইএ আধিকারিকদের কোনও দোষ নেই; চাপে পড়েই হেনস্থার প্রবণতা চলছে। এর পরেই সাংবাদিকদের প্রশ্নের মাঝপথেই দফতর চত্বর ছেড়ে বেরিয়ে যান সুজাপুরের বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *