শুকনো জমির সামনে বাবার কান্না বদলে দিল জীবন! কীভাবে ‘ওয়াটারম্যান’ হয়ে উঠলেন রাজাশেখর রাজু?

যখন বৃষ্টির দেখা মেলে না, তখন যেকোনও কৃষিপ্রধান গ্রামেই এক গভীর নীরবতা নেমে আসে। ঠিক তেমনই এক রুক্ষ ও দমবন্ধ করা ছবি দেখা যেত অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ছোট্ট গ্রাম কোক্কেরা কোন্দাইয়াহ পালেমের ফাটা লাল মাটিতে।

কয়েক দশক আগে শুকিয়ে যাওয়া কুয়ো আর প্রখর সূর্যের তাপে সেই গ্রামের এক ষষ্ঠ শ্রেণির বালক দেখেছিল, তার বাবা শুকিয়ে যাওয়া মাঠের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। পরিবারটির সম্বল ছিল মাত্র এক একর অনুর্বর জমি। বীজ কেনা ও চাষের প্রস্তুতির জন্য ঋণ নিয়েছিল পরিবারটি, বাজি ধরেছিল কৃষ্ণা খালের জল আর বৃষ্টির আশায়। কিন্তু কোনওটিই বাস্তবে ঘটেনি। তীব্র গরমে ফসল নষ্ট হয়ে যায় এবং মিলিয়ে যায় টিকে থাকার শেষ আশা।

বাবার চোখের জল থেকে অটল প্রতিজ্ঞা

পোডিলি রাজাশেখর রাজুর শৈশবের শুরুর দিকের স্মৃতি জুড়ে ছিল পরিবার ও গবাদি পশুর জন্য একটি হ্যান্ডপাম্প থেকে জলের কলসী বয়ে আনতে দুই কিলোমিটার পথ হাঁটার অভিজ্ঞতা। আর ছিল বাবার চোখের জল, যা তাঁর কাছে এক অটল প্রতিজ্ঞায় পরিণত হয়।

“সে এক করুণ অবস্থা ছিল,” ইটিভি ভারতকে বলেন জল সংরক্ষণের এই পথিকৃৎ, যিনি আজও সম্পদকে মাপেন বালতি ভরা জল আর বস্তা ভরা শস্যের হিসেবে। তাঁর কথায় ধরা পড়ে অকপট সারল্য: “যখন আপনি ঋণ নিয়ে অর্থ বিনিয়োগ করেন, আর ফসল শুকিয়ে নষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারেন যে কৃষকদের সহায়তায় আরও অনেক কিছু করা প্রয়োজন। খুব অল্প বয়সেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তার জন্য আমাকে একটা উপায় বের করতে হবে।”

আজ তিনি ‘ওয়াটারম্যান অফ সাউথ জোন’ নামে পরিচিত। পেয়েছেন ভারত সরকারের ‘জাতীয় জল শক্তি পুরস্কার’ এবং গ্রামীণ উন্নয়ন ও কৃষিক্ষেত্রে কাজের জন্য ‘রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। গত ১৬ নভেম্বর বিজয়ওয়াড়ায় আয়োজিত অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং রামোজি গ্রুপের সিএমডি চেরুকুরি কিরণের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।

গত দুই দশকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটক জুড়ে ১০৫টি ওয়াটারশেড প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছেন রাজু। প্রায় ২০০টি চেক ড্যাম এবং ৫৫০টি কৃষি পুকুর খনন করেছেন, যেখানে প্রায় ৫০ লক্ষ ঘনমিটার জল ধারণের ক্ষমতা রয়েছে। তাঁর এই উদ্যোগ প্রায় দুই লক্ষ কৃষক পরিবারের জীবন বদলে দিয়েছে।

বিজ্ঞান, বন্ধুদের সাহায্য ও অবিশ্বাস পেরোনোর লড়াই

উদ্ভিদবিজ্ঞান ও সমাজকাজে ডিগ্রি অর্জনের পর রাজু বুঝতে পারেন, কেবল সদিচ্ছা থাকলেই শুকনো মাটি থেকে জল তোলা সম্ভব নয়। তাঁর মতে, “আমাদের সীমিত জ্ঞান নিয়ে আমরা অন্ধভাবে কোনও কাঠামো তৈরি করতে পারি না। আপনাকে ইঞ্জিনিয়ারিং দিকগুলোও বুঝতে হবে। যেমন, একটি অঞ্চলে কতটা বৃষ্টিপাত হয়, তার ফলে কতটা জল, কোন দিকে প্রবাহিত হয় এবং কোথায় জল পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

আমেদাবাদের ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ (EDII) থেকে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ১ লক্ষ ২০ হাজার টাকার কোর্স ফি ছিল এক কৃষক পরিবারের ছেলের কাছে পাহাড়প্রমাণ। তখন বন্ধু, পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষীরা— যাঁদের মধ্যে প্রভাকর, রাজুল পাতিল, রামানজানি ও শামসের নাম উল্লেখ করেন রাজু— সামর্থ্যমতো অর্থ জুটিয়ে তাঁকে গুজরাতে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে গণপতি নামের এক অধ্যাপকের সহায়তা পান তিনি। গুজরাত ও মধ্যপ্রদেশের গ্রাম ঘুরে বৃষ্টির জল ধরে রাখা ও গতি কমানোর কৌশল শেখেন রাজু।

২০০৫ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ফিরে বৈজ্ঞানিক জ্ঞানের পাশাপাশি নাবার্ডের ওয়াটারশেড কর্মসূচি ও পরবর্তী সময়ে করপোরেট সিএসআর অংশীদারিত্বের মাধ্যমে কাজ শুরু করেন তিনি। তবে শুরুতেই সামনে আসে মানুষের অবিশ্বাস। অতীতে বহু প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতায় গ্রামবাসীদের মনে সন্দেহ জাগে, রাজু ও তাঁর দল হয়তো সরকারি তহবিল হাতাতে এসেছে। কয়েকটি গ্রামে স্থানীয় কমিটির বিরোধ এতটাই তীব্র হয় যে তাঁকে সারারাত একটি ঘরে আটকে রাখা হয়। কিন্তু হতাশ না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন তিনি।

ওপর থেকে নিচের জল সংরক্ষণ কৌশল

রাজুর কাজের পদ্ধতি প্রচলিত ধারণার চেয়ে আলাদা। তিনি বলেন, “মানুষ মনে করে জল সংরক্ষণের অর্থ হল, তড়িঘড়ি করে বড় কোনও সিমেন্টের বাঁধ বা চেক ড্যাম তৈরি করা। কিন্তু আমাদের কাজের পদ্ধতি তা নয়। আপনাকে পাহাড়ের চূড়া থেকে উপত্যকা পর্যন্ত— অর্থাৎ একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত, পুরো ভূখণ্ড নিয়ে কাজ করতে হবে। পাহাড়ের চূড়ার দিকে আমরা কনট্যুর ট্রেঞ্চ এবং জল শোষণের ছোট ছোট কাঠামো তৈরি করি। বৃষ্টি নামলে তা থেকে সরু জলধারা তৈরি হয়। এমন চারটি সরু ধারা মিলে একটি ছোট জলপ্রবাহ সৃষ্টি করে। আর পাঁচটি ছোট জলপ্রবাহ মিলে একটি বড় জলধারায় পরিণত হয়। জলের স্বাভাবিক গতিপথ অনুসরণ করে প্রতিটি ধাপে তাকে আটকে দিতে হয়। আর একেবারে শেষ পর্যায়ে গিয়েই কেবল চেক ড্যাম বা বাঁধ তৈরি করতে হয়।”

প্রকৃতিকে জোর করে বশে না এনে জলকে থামার ও মাটির গভীরে যাওয়ার সুযোগ করে দেন তিনি। এক-দুই মরশুমের বৃষ্টিতেই বছরের পর বছর শুকনো পড়ে থাকা গভীর নলকূপে জল ফিরে আসে, বাড়ে ভূগর্ভস্থ জলের স্তর। যে গ্রামবাসীরা একসময় তাঁকে ঘরে আটকে রেখেছিলেন, তাঁরাই তাঁকে পালকিতে বসিয়ে আনন্দ উৎসবে শামিল হন।

মর্যাদা ও বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবন

রাজুর কাছে জল মানে শুধু তরল নয়, বরং মানুষের আত্মমর্যাদার ভিত্তি। তিনি জানান, জল না থাকলে এক একর জমি থেকে হয়তো ১০ বস্তা ফসল মেলে, যা দিয়ে কোনওমতে ঋণ শোধ করা যায়। পর্যাপ্ত জল থাকলে সেই একই জমি থেকে ৪০ বস্তা ফসল হয়। বাড়তি আয়ে কৃষককে আর দিনমজুরির খোঁজে শহরে যেতে হয় না; সন্তানদের ভালো স্কুলে পড়ানো ও মাথা উঁচু করে বাঁচার পথ খুলে যায়।

পাশাপাশি বন্যপ্রাণী ও পাখিদের কথাও তুলে ধরেন তিনি। খরার সময় জল না পেয়ে পাখি ও বন্যপ্রাণীর মৃত্যুর প্রসঙ্গ টেনে রাজু বলেন, জলাশয় ভরে উঠলে পাখিরা ফেরে, মাটি প্রাণ পায় এবং বাস্তুতন্ত্র নতুন করে শ্বাস নেয়।

আজ প্রকাশম বা দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে তরুণ প্রজন্ম, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ছেন রাজু, যাতে জল-কেন্দ্রিক টেকসই গ্রামোন্নয়নের এই মডেল দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়। শৈশবে দুই কিলোমিটার পথ হেঁটে জল বয়ে আনা সেই ছেলের কাছে এটি এক বড় স্বপ্ন, যার যাত্রা এখনও অনেক দূর বাকি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *