পারিবারিক বিবাদ থেকে ভয়ঙ্কর হামলা! ৫ পুলিশকর্মীকে কুপিয়ে চম্পট, কিছুক্ষণেই হাতেনাতে ধরা পড়ল নাবিল

দিল্লিতে থানার ভিতরেই পাঁচজন পুলিশকর্মীকে কুপিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ চলাকালীন নাবিল নামে এক যুবক জামা মসজিদ থানার ভিতরে এই হামলা চালায় বলে অভিযোগ। পাঁচ পুলিশকর্মীকে ছুরি দিয়ে কোপানোর পর থানার বাইরে রাখা একটি মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে আহত হয় সে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুপুর আড়াইটায় রক্তাক্ত হামলা
জানা গিয়েছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ জামা মসজিদ থানায় এই ঘটনা ঘটে। পারিবারিক বিবাদ সংক্রান্ত একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল নাবিলকে। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই ছুরি বের করে একের পর এক পুলিশকর্মীকে কোপাতে শুরু করে সে। এলোপাথাড়ি আঘাতে পুলিশকর্মীদের মুখ এবং ঘাড়ে জখম হয়।
গঙ্গারাম হাসপাতালে ভর্তি, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
হামলার পর আহত পাঁচজন পুলিশকর্মীকেই প্রথমে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই তিনজন পুলিশকর্মীর শারীরিক অবস্থা গুরুতর।
পালানোর চেষ্টা ও পুলিশের গুলি
পুলিশকর্মীদের জখম করার পরই থানার বাইরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় নাবিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত থানার কাছাকাছি একটি এলাকাতেই নাবিলের সন্ধান মেলে।
অভিযোগ, তাকে গ্রেফতার করতে গেলে ফের পুলিশকর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে নাবিল। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে আহত হওয়ার পর তাকে আয়ত্তে এনে হাসপাতালে ভর্তি করা হয়।