যুবসাথী থেকে ‘ভরসা’! জানুয়ারিতে শুরু, ফেব্রুয়ারিতেই অ্যাকাউন্টে টাকা? কী জানালেন মুখ্যমন্ত্রী?

‘ভরসা’ কর্মসূচিতে এবার গ্র্যাজুয়েট বা সরকারি আইটিআই (ITI)-তে প্রশিক্ষণরত যুবক-যুবতীদের মাসে ২ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। সপ্তাহের শুরুতেই সাংবাদিক বৈঠক করে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়; যাঁরা গ্র্যাজুয়েট নন, তাঁদের ভরসা কর্মসূচিতে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে এই ভাতার অঙ্ক বেড়ে যথাক্রমে ৩ হাজার ও ২ হাজার টাকা হবে বলে নবান্ন সূত্রে খবর।
কবে থেকে মিলবে টাকা?
প্রাথমিকভাবে অনেকের মনেই প্রশ্ন, কবে থেকে এই অর্থ হাতে আসবে। জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকে আবেদন ও প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা মিলবে। কর্মসূচির আওতায় আবেদন করার পরেই এই ভাতা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানান, যুবসাথী প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ কর্মসূচি করা হয়েছে। এর আগে ৫৪ লক্ষ যুবক-যুবতীকে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। এ বার জানুয়ারি থেকে স্নাতক ও সরকারি ভোকেশনাল প্রতিষ্ঠানের পড়ুয়ারা মাসে ২,০০০ টাকা এবং স্নাতক নন এমন প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা পাবেন। পরের আর্থিক বছর থেকে তা বেড়ে ৩,০০০ ও ২,০০০ টাকা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সরকারি পরীক্ষায় ফি মকুবের ঘোষণা
ভরসা কর্মসূচির পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার ফি ও নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে চলেছে। অধিবেশন ও সামগ্রিক প্রশাসনিক পদক্ষেপের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সরকারি পরীক্ষায় আর কোনও পরীক্ষা ফি লাগবে না; অর্থাৎ বিনা খরচেই পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। রাজ্য সরকারই পরীক্ষার খরচ বহন করবে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়।”
মাসিক বিদ্যুৎ বিলের বার্তা
সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ বিল সংক্রান্ত পুরনো প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে গ্রাহকদের প্রতি মাসে বিল আসবে।