৫০০ টাকার নোটে গাঁথা বিশাল মালা সামলাতে হিমশিম! ঘুড়চড়ির আসরে কোন চমক দিলেন ভূরা ঠাকুর?

বরের গলায় কোটি টাকার মালা! সম্প্রতি এক বরযাত্রী ঘিরে সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। দুই বরের গলায় দেখা গিয়েছে ৫০০ টাকার নোটের বিশাল মালা। উত্তরপ্রদেশের মথুরায় এক বিয়েবাড়িতে ঘটনাটি ঘটেছে। এক-একটি মালার মূল্য প্রায় এক কোটি টাকা। বরের জামাইবাবুর এই দামি উপহারকে ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মথুরার সুরির থানা এলাকার নাগলা ফোঁদা গ্রামে। প্রশান্ত এবং কানহা রাঘব যোগেন্দ্র সিংহ ও কুশলপাল সিংহের ছেলে। মুডসেরাস গ্রামের দুই কনের সঙ্গে গোবর্ধনের একটি বিয়েবাড়িতে তাঁদের বিয়ের আসর বসেছিল।
ঘুড়চড়ির আসরে জামাইবাবুর চমক
শনিবার প্রথা মেনে ‘ঘুড়চড়ি’ অনুষ্ঠান চলছিল। সেই সময় ওই দুই যুবকের জামাইবাবু যোগেশ কুমার, যাঁকে সবাই ভূরা ঠাকুর নামে চেনেন, এই অভিনব উপহার দিয়ে সবাইকে চমকে দেন। তিনি রাজস্থানের কামান এলাকার নন্দোলা গ্রামের বাসিন্দা।
তিনি দুই বরের গলায় ৫০০ টাকার নোটে গাঁথা দু’টি বিশাল মালা পরিয়ে দেন। জানা গিয়েছে, মালা দু’টি প্রায় ১০০ ফুট লম্বা এবং প্রতিটি মালায় প্রায় এক কোটি টাকার নোট লাগানো ছিল।
ছাদে দাঁড়িয়ে মালা পরানো ও ভাইরাল ভিডিও
মালা দু’টি অনেক বড় ও ভারী হওয়ায় তা সামলাতে বেশ কয়েক জনকে হাত লাগাতে হয়। মালা পরানোর জন্য দুই বরকে বাড়ির ছাদে দাঁড় করানো হয়েছিল।
বিয়েবাড়িতে এমন দৃশ্য দেখে অতিথি থেকে শুরু করে গ্রামবাসীরা— সবাই অবাক হয়ে যান। অনেকেই মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করেন। শোভাযাত্রার সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। জামাইবাবুর এমন বিপুল খরচের বহর দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।