পাইলট থেকে অভিনেতা, তারপর ইতিহাস! কীভাবে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ তৈরি করেছিলেন সেলিম-জাভেদ?

‘শোলে’, ‘দিওয়ার’, ‘জঞ্জির’, ‘ডন’ এবং ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী ছবির মাধ্যমে ভারতীয় সিনেমাকে অবিস্মরণীয় মুহূর্ত ও চরিত্র উপহার দিয়েছেন সেলিম খান। তবে আজকের এই সাফল্যের শিখরে পৌঁছানোর পথ মোটেও মসৃণ ছিল না। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন তিনি মুম্বাইয়ে পা রেখেছিলেন, তখন তাঁর ঠাঁই হয়েছিল একটি আধা ঘরে। সেজন্য প্রতি মাসে মাত্র ৫৫ টাকা ভাড়া দিতেন তিনি। পুরো একটি ঘরে থাকার ইচ্ছে ছিল তাঁর, যার ভাড়া ছিল ১১০ টাকা; কিন্তু শুরুর দিকের কঠিন সংগ্রামে সেটুকু সামর্থ্যও ছিল না।
১৯৩৫ সালের ২৪ নভেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেন সেলিম খান। তাঁর পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল এবং বাবা ছিলেন পুলিশ বিভাগের কর্মকর্তা। ফলে মুম্বাইয়ে সংগ্রাম করা অনেক শিল্পীর তুলনায় তাঁর শৈশব ছিল কিছুটা ভিন্ন। তবু বরাবরই কিছু আলাদা করার তাগিদ ছিল মনে। তাঁর প্রথম স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। ক্রিকেট খুব ভালোবাসতেন, কিন্তু পরে মনে হয়, কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়। এরপর পাইলট হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছিলেন, তাঁর কাছে আজও ফ্লাইং লাইসেন্স রয়েছে এবং তিনি ১০০ ঘণ্টারও বেশি সময় বিমান চালিয়েছেন। কিন্তু পরে তাঁর মনে হয়, বেসামরিক বিমান চলাচলে নির্দিষ্ট নিয়মের গণ্ডির মধ্যে কাজ করতে হয়, যেখানে নিজস্ব কল্পনাশক্তি মেলে ধরার সুযোগ খুব কম। ঠিক তখনই পরিচালক কে অমরনাথের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনিই সেলিমকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেন এবং এভাবেই শুরু হয় তাঁর চলচ্চিত্রযাত্রা।
১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বারাত’ ছবিতে কাজের সুযোগ পান সেলিম খান। এরপর ‘প্রফেসর’, ‘তিসরি মঞ্জিল’ ও ‘দিওয়ানা’-র মতো ছবিতে ছোট-বড় নানা চরিত্রে দেখা যায় তাঁকে। তবে অভিনয়ের জগতে প্রত্যাশিত পরিচিতি পাননি। তখনই তাঁর উপলব্ধি হয়, ক্যামেরার সামনে অভিনয়ের চেয়ে গল্প বুনতেই তাঁর আসল শক্তি।
মুম্বাইয়ে শুরুর দিকের আর্থিক টানাপড়েন নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘অ্যাংরি ইয়াং মেন’-এ খোলামেলা কথা বলেছিলেন সেলিম খান। তিনি জানান, মুম্বাইয়ে আসার পর মেরিন ড্রাইভের কাছে মেরিনা গেস্ট হাউসে থাকতেন। সেখানে আধা ঘরের জন্য মাসে ৫৫ টাকা ভাড়া দিতে হতো। প্রথম দিকে ইচ্ছে ছিল পুরো একটি ঘর নেবেন, যার ভাড়া ছিল ১১০ টাকা; কিন্তু তখনকার আর্থিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। ইন্দোরের নিশ্চিন্ত জীবন ছেড়ে মুম্বাইয়ে নিজের পায়ে দাঁড়ানোর সেই লড়াই ছিল বেশ কঠিন।
প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে সিগারেট ও পোশাকের বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। সিনেমায় নিজের জায়গা পাকা করার চেষ্টা চলছিল সমানতালে। এরই মধ্যে পরিচয় হয় জাভেদ আখতারের সঙ্গে। দুজনের ভাবনা ও গল্প বলার ধরন মিলে যেতে থাকে। এরপর একসঙ্গে চিত্রনাট্য ও সংলাপ লেখা শুরু করেন তাঁরা। হিন্দি সিনেমার ইতিহাসে তাঁদের জুটি ‘সেলিম-জাভেদ’ নামে অমর হয়ে ওঠে। একসঙ্গে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘সীতা অউর গীতা’, ‘ত্রিশূল’, ‘কালা পাথর’ এবং ‘শক্তি’-র মতো ছবির গল্প লেখেন তাঁরা।
এই ছবিগুলো কেবল বক্স অফিসেই সাফল্য পায়নি, হিন্দি সিনেমায় নায়কের প্রচলিত ভাবমূর্তিও বদলে দিয়েছিল। বিশেষত ‘জঞ্জির’ ও ‘দিওয়ার’-এর হাত ধরে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রকে জনপ্রিয় করে তোলার পেছনে সেলিম-জাভেদের অবদান ছিল বিশাল। অমিতাভ বচ্চনের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছে দিতেও তাঁদের লেখা গল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেলিম খান ও জাভেদ আখতারের জুটি চলচ্চিত্র জগতে লেখকদেরও এক স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি এনে দেয়। যে সময়ে ছবির তারকা ও পরিচালকদের নিয়েই আলোচনা বেশি হতো, সেই সময়ে দর্শকের কাছে লেখকদের নামকেও পরিচিত করে তোলেন সেলিম-জাভেদ।