দক্ষতায় বদলাবে ভাগ্য! এআই যুগে কর্মসংস্থানের বড় রোডম্যাপ দিলেন মোদী ও জয়ন্ত

ভবিষ্যতের চাহিদা অনুযায়ী দেশের তরুণ প্রজন্মকে তৈরি করতে বড় পরিসরে দক্ষতা উন্নয়নের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্কিলিং বা দক্ষতা অর্জনকে শুধু বিকল্প হিসেবে দেখলে চলবে না, বরং একে সম্মানজনক ও পছন্দের ক্যারিয়ারের পথ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও জানায়, ভারত এখন তাদের দক্ষতা উন্নয়ন অভিযানকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগতা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর লেখা একটি নিবন্ধের কথা তুলে ধরা হয়েছে। সেই লেখায় ওয়ার্ল্ডস্কিলস এশিয়া ২০২৭, পিএম-সেতু উদ্যোগ এবং শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। মাত্র এক বছর আগে ভারত প্রথমবার ওয়ার্ল্ডস্কিলস এশিয়ায় দল পাঠিয়েছিল এবং এবার প্রথমবার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করবে ভারত। ভারতের দক্ষতা উন্নয়ন পরিকাঠামোর ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।

নিবন্ধে জয়ন্ত চৌধুরী লিখেছেন, ভারতীয় সভ্যতা বরাবর স্রষ্টা ও দক্ষ কারিগরদের সম্মান দিয়ে এসেছে। অথচ আজও অনেক পরিবারে দক্ষতাভিত্তিক শিক্ষাকে ডিগ্রির তুলনায় দ্বিতীয় পছন্দের বিষয় হিসেবে ধরা হয়। বাস্তবে অনেক ক্ষেত্রেই কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ তরুণদের দ্রুত চাকরির বাজারে জায়গা করে দিতে এবং পেশাগত সাফল্যে পৌঁছে দিতে পারে। আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতার আয়োজন দেশকে এই বার্তাই দেবে যে বিশ্বমঞ্চে ভারতীয় তরুণদের দক্ষতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান প্রভাবের কথাও নিবন্ধে উঠে এসেছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, সংস্থাগুলি যত এআই গ্রহণ করছে, ততই উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা বাড়ছে। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলিতে নতুন স্নাতকদের জন্য চাকরির বাজার আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়েছে। এডিপি-র পিপল অ্যাট ওয়ার্ক ২০২৬ রিপোর্ট অনুযায়ী, ভারতে ৮০ শতাংশ কর্মী সপ্তাহে একাধিকবার এআই ব্যবহার করেন এবং ৪১ শতাংশ কর্মী প্রায় প্রতিদিন এআই কাজে লাগান। সমীক্ষায় অংশ নেওয়া সব দেশের মধ্যে এই হার সর্বোচ্চ। ফলে এআই-নির্ভর অর্থনীতিতে অগ্রণী ভূমিকা নেওয়ার বড় সুযোগ ভারতের সামনে রয়েছে।

নিবন্ধে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাসের কথাও উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হতে পারে, যদিও ৯.২ কোটি প্রচলিত চাকরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রতি ১০০ জন কর্মীর মধ্যে ৫৯ জনের নতুন প্রশিক্ষণের প্রয়োজন হবে। দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত একটি সমীক্ষা বলছে, এআই-এর কারণে আমেরিকায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এবং প্রায় ২ লাখ চাকরি প্রভাবিত হয়েছে। এর মধ্যে বড় অংশই ডেটা সেন্টার ও নতুন ডিজিটাল পরিকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত প্রযুক্তি বিশেষজ্ঞ, ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান। এআই শুধু চ্যালেঞ্জ নয়, বড় আকারে নতুন সুযোগও তৈরি করছে, আর সেই সুযোগ নিতে দক্ষ মানবসম্পদ জরুরি।

এই লক্ষ্যেই গত বছর প্রধানমন্ত্রী মোদী পিএম-সেতু কর্মসূচি শুরু করেছিলেন। প্রায় ৬০,০০০ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য সারা দেশের ১,০০০ শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইটিআই-এর মানোন্নয়ন। প্রকল্পটি এখন কার্যকর হওয়ার পর্যায়ে পৌঁছেছে এবং ১৫টি শিল্প ক্লাস্টারের জন্য বিনিয়োগ পরিকল্পনায় অনুমোদন মিলেছে। প্রতিটি ক্লাস্টারে একজন মূল শিল্প অংশীদারের উপস্থিতি নিশ্চিত করা হবে। আইটিআই-তে আধুনিক ওয়ার্কশপ ও ল্যাবরেটরি তৈরি হলে শিল্পক্ষেত্র প্রশিক্ষিত কর্মী পাবে এবং তরুণরা কাজের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *