আশ্রমবাসীদের খাবারের বরাদ্দ দ্বিগুণ! ২৬ হাজার চাকরি ফেরানো ও নিয়োগ নিয়ে বিরাট বার্তা নবান্নের

বদলে যাচ্ছে রাজ্যের নাম; এবার ইংরেজিতেও নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। সোমবার নবান্ন থেকে এমনই প্রস্তাব আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন বসতে চলেছে। এর মধ্যে ৯ ডিসেম্বর রাজ্যের নাম বদলের প্রস্তাব আনা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অধিবেশনে মোট ৮টি বিল আনা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই নাম বদলের প্রস্তাবের কথা জানান শুভেন্দু অধিকারী। এ ছাড়া বিভিন্ন অনাথ আশ্রম ও প্রতিবন্ধীদের আশ্রমের আবাসিকদের খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি। আগে এই খাবারের দৈনিক বরাদ্দ ছিল ৫৬ টাকা, তা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৭ সালের পর থেকে বরাদ্দ বাড়ানো হয়নি। এবার তা বাড়ানো হচ্ছে।”
নিয়োগের রূপরেখা ও ১০,১৪৬ শূন্যপদ
সাংবাদিক বৈঠক থেকে কর্মসংস্থানের বিষয়টিও সামনে আনেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরে নিয়োগের কথা জানিয়ে তিনি বছরে ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, “আরও অনেকগুলো দফতরে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইএফআর (EFR) থেকে শুরু করে আমাদের ১০,১৪৬ জন নেওয়া হবে। এ ছাড়াও পিএসসি (PSC)-র মাধ্যমে নিয়োগ হবে। পিআরবি (PRB), স্বাস্থ্য দফতরে নিয়োগ, আর কিছু চুক্তিভিত্তিক পদে নিয়োগ রয়েছে। পুলিশ ও ইএফআর-এ ৯,২০০, অ্যান্টি নারকোটিক ৪৮, সাইবার, ট্যুরিজম আছে। আমাদের টার্গেট আছে ১ লক্ষ নিয়োগ হবে।”
২৬ হাজার চাকরি ফেরানোর আশ্বাস
এইদিনের সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা যোগ্য প্রার্থীদের ফের চাকরিতে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “২৬ হাজারের যে চাকরি গেছে, আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসের মধ্যে দফায় দফায় কমপ্লিট করতে পারব।”