মেয়ের বিয়ের আগে তুমুল বৃষ্টি, ঘোড়দৌড় নিয়ে ঘোর সংশয়! ‘ছোটে সরকার’ দিলেন বড় চ্যালেঞ্জ

দু’দিন পরেই মেয়ের বিয়ে, কিন্তু তার আগেই কপালে ভাঁজ পড়েছে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের। ভিভিআইপি অতিথিদের রাজকীয় অভ্যর্থনার প্রস্তুতির মাঝে বাধ সেধেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। টানা বৃষ্টির জেরে বিয়েতে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টি না থামলে এই প্রতিযোগিতা কীভাবে সম্ভব হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন অনন্ত সিং?
টানা দু’দিনের বৃষ্টির ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও স্বভাবোচিত ভঙ্গিতে সব দুশ্চিন্তা উড়িয়ে দিচ্ছেন ‘ছোটে সরকার’ নামে পরিচিত অনন্ত সিং। প্রকাশ্যে কোনও রকম দমে যাওয়ার ইঙ্গিত না দিয়ে তিনি বলেছেন, “আমি লোক পাঠিয়ে সব খোঁজ নিয়েছি। যেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা হবে, সেখানে যদি জল জমে থাকে, মাটি আর বালি ফেলে সব ঠিক করে দেওয়া হবে। রেস হবেই।”
বিধায়কের মেয়ে শিবাঙ্গীর বিয়ে ঘিরে ইতিমধ্যেই নানা চর্চা শুরু হয়েছে। বিপুল অর্থব্যয়ের পাশাপাশি দেশ-বিদেশের অতিথি মিলিয়ে প্রায় চার লক্ষ মানুষের ভোজের ব্যবস্থা রয়েছে বলে খবর। সেই বিশাল আয়োজনই এখন বৃষ্টির কারণে চ্যালেঞ্জের মুখে।
কাদা-জলে ভাসছে মণ্ডপ ও রাস্তা
বৃষ্টি ও কাদায় বিবাহ-মণ্ডপের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে বলে ঘটনাস্থলের ছবি থেকে জানা যাচ্ছে। চারদিকে কাদা জমে রয়েছে, ভিজে কাদাজলে ও ময়লায় লাল কার্পেটের রং বদলে কালো হয়ে গিয়েছে। প্যান্ডেলের সাজসজ্জারও কমবেশি ক্ষতি হয়েছে এবং বিয়েবাড়ি যাওয়ার রাস্তাও জলে ডুবে গিয়েছে। ঘোড়দৌড়ের নির্ধারিত মাঠের অবস্থাও করুণ— জল জমে থইথই করছে।
এই পরিস্থিতিতেও অনন্ত সিংয়ের দাবি, “বৃষ্টির জন্য কোনও অসুবিধা হবে না। সব কিছু প্ল্যানমাফিক হবে। খানাপিনা, ঘোড়দৌড় সবই চলবে। তিন দিন ধরে প্যান্ডেলের কাজ করা যাচ্ছে না, এটা ঠিকই। ওটা না হলেও কিছু এসে যায় না। ঘোড়দৌড় প্রতিযোগিতা হবেই হবে। বিয়েও হবে। হইহল্লা হবে। চাঁদোয়া ভিজে গেলেও কিছু হবে না।”
ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসা ও শেষ মুহূর্তের অপেক্ষা
অনন্ত সিং আরও জানান, “সবাই বিয়েতে আসবেন। কিন্তু এই বৃষ্টিটা মেজাজ খারাপ করে দিচ্ছে। এখন বৃষ্টি থেমে গেলে সব করে নেওয়া যাবে। জলে মাটি ভেজা থাকলে ঘোড়দৌড়ে একটু অসুবিধা হবে। মাটি-বালি ফেলে আমরা ঘোড়দৌড় প্রতিযোগিতা করবই।”
ঘোড়দৌড় যে বিধায়কের অত্যন্ত প্রিয় বিষয়, তা এলাকায় সবারই জানা। নিজের সংগ্রহে ভালো জাতের ঘোড়াও রাখেন তিনি। মেয়ের বিয়েকে বিশেষ ও স্মরণীয় করে রাখতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে দূরদূরান্ত থেকে প্রতিযোগীদের আসার কথা। শেষ পর্যন্ত আবহাওয়া কোন দিকে মোড় নেয় এবং নির্ধারিত সূচি অনুযায়ী সব আয়োজন সম্পন্ন হয় কি না, সেদিকেই তাকিয়ে সবাই।