ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা? পেট্রাপোলে আওয়ামি নেতাদের রহস্যময় সফর, তোলপাড় সীমান্ত!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে সাম্প্রতিক ঘোষণার পর থেকেই দুই বাংলার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। জানা গিয়েছে, তিনি সড়কপথে উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারেন। এই আবহের মধ্যেই রবিবার আচমকা আওয়ামি লিগের তিন নেতার পেট্রাপোল বন্দর পরিদর্শন ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি ওই দিন সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া হাসিনার দেশে ফেরার পক্ষে জোর সওয়াল করেছেন।

আওয়ামি লিগ সূত্রের দাবি, শেখ হাসিনা কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে ১১২ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোড ধরে বনগাঁ হয়ে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাবেন। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামি লিগ পরিচালিত শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছাড়েন। তারপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও ভারতের বিদেশ মন্ত্রক তাঁর অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। দেশ ছাড়ার পর থেকে প্রায় দু’বছরের বেশি সময় ধরে তিনি কার্যত অজ্ঞাতবাসে রয়েছেন। কিন্তু সম্প্রতি তাঁর দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে ও সীমান্ত এলাকায় তৎপরতা বেড়েছে।

হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগের বেশ কয়েকজন প্রথম সারির নেতা কলকাতায় আশ্রয় নেন। রবিবার তাঁদের মধ্যে তিন নেতা আচমকা পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছান। তবে তাঁরা গাড়ি থেকে নামেননি। বন্দর চত্বরে কয়েক মিনিট অবস্থান করার পর গাড়ি ঘুরিয়ে ফের কলকাতার দিকে রওনা দেন। সীমান্তে তাঁদের এই সংক্ষিপ্ত ও আকস্মিক উপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে এবং সে দেশে জেলবন্দি চিন্ময় দাস মহারাজের মুক্তির দাবিতে রবিবার পেট্রাপোল বন্দরের কাছে মতুয়া মহাসংঘসহ বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বিক্ষোভ মঞ্চ থেকে দুই জনপ্রতিনিধিই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করেন এবং হাসিনার দেশে ফেরার পক্ষে জোরালো বক্তব্য রাখেন।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের আমলে জিহাদিদের সরকার চলেছে এবং তারেক রহমানও একই পথে মৌলবাদীদের নিয়ে সরকার চালাচ্ছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশে সনাতন হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়েছে। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক ভোটে জয়ী হয়ে গণতান্ত্রিক উপায়ে সর্বধর্ম রক্ষা করতে হবে, নইলে বিশ্বের সনাতন সম্প্রদায় ক্ষমা করবে না। একই সঙ্গে তিনি দাবি জানান, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান এবং গণতন্ত্রপ্রিয় মানুষ যেন ঐক্যবদ্ধভাবে তাঁকে স্বাগত জানান।

বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারও বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও শেখ হাসিনাকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। চিন্ময় দাস মহারাজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তাঁর মুক্তির দাবি জানান এবং হাসিনার দেশে ফেরার পক্ষে সওয়াল করেন। এদিকে, হাসিনার ফেরার খবরে আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা গিয়েছে বলে খবর। নড়াইলসহ কয়েকটি এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের পাশাপাশি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল সংস্কারের কাজ শুরু হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু প্রবেশদ্বার’ খুলে দেওয়ার মতো ঘটনায় সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন গতি এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *