নোশকিতে ফ্রন্টিয়ার কোরের ছাউনিতে বড় আঘাত! ড্রোন যুদ্ধের নতুন কৌশলে কাঁপছে পাকিস্তান?

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের নোশকি জেলায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বড় ধরনের এই আক্রমণ চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (BLA)। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনায় পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (FC) পাঁচজন জওয়ান নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
‘নিউজ ১৮’-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত হানতে পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে বিএলএ। এবারের হামলায় পাকিস্তানি সেনা ঘাঁটিগুলিতে আধুনিক ‘ফার্স্ট-পার্সন ভিউ’ (FPV) ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।
নিহতদের পরিচয় ও নীরবতা প্রশাসনের
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নোশকি জেলায় ফ্রন্টিয়ার কোরের ছাউনিতে হামলার ঘটনায় নিহত চার জওয়ানের পরিচয় সামনে এসেছে; তাঁরা হলেন আবদুল্লা, খলিল, বশির এবং তালিব। অন্যদিকে, গুরুতর জখম পাঁচ জওয়ানকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই সংঘর্ষের ঘটনা নিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। নোশকি জেলায় কখন হামলার ঘটনা ঘটে, কতক্ষণ সংঘর্ষ চলে অথবা পরবর্তী সময়ে এলাকায় কতক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয়—এ সংক্রান্ত কোনো তথ্যও জানানো হয়নি।
ড্রোন যুদ্ধ ও বাড়তে থাকা আগ্রাসন
নোশকির এই ঘটনা থেকে স্পষ্ট যে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলজুড়ে সামরিক ও আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলায় বিএলএ এখন আকাশে চালকহীন আধুনিক ব্যবস্থা বা এফপিভি (FPV) ড্রোনের ওপর নির্ভরতা বাড়াচ্ছে।
২০২৬ সালের শেষ থেকেই বালুচিস্তানজুড়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে এই গোষ্ঠী; দেশের একাধিক অঞ্চলে সমন্বিত হামলা, ড্রোন যুদ্ধ এবং চিনা-যোগসূত্র থাকা খনি প্রকল্পগুলোকে নিশানা করছে তারা। সম্প্রতি ৫ নভেম্বর সুরাব, খারান এবং কালাত এলাকার সেনা ছাউনি ও কনভয়েও ১৭টি গাইডেড ড্রোন হামলা চালানো হয় এবং পরে সেই ঘটনার দায় স্বীকার করে বিএলএ; তাদের দাবি, দেশজুড়ে ১৫ দিনের বিশেষ অভিযানে তারা মোট ৪৮টি হামলা চালিয়েছে।