সার্কিট বোর্ড ও SMPS নষ্ট হলেও হার মানেননি শিল্পীরা! চন্দননগরের আলোর শোভাযাত্রার অজানা লড়াই!

আকভান’ বিপর্যয় কাটিয়ে ফের সেজে উঠল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোর শোভাযাত্রা। দু’দিনের প্রবল বৃষ্টির কারণে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে দশমীর দিনের শোভাযাত্রা পিছিয়ে রবিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়; সেই মতো সকল বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জনও পিছিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
প্রাকৃতিক সেই বাধা কাটিয়ে সব বারোয়ারি পুজোগুলি রবিবার সন্ধ্যার মধ্যেই বিসর্জন পর্ব শেষ করে। এরপর সন্ধ্যা নামতেই মোট ৬৪টি বারোয়ারি পুজো চন্দননগরের বিখ্যাত আলোর শোভাযাত্রায় অংশ নেয়, যেখানে ২২ ফুট থেকে ৩২ ফুট উঁচু কাঠামোয় আলোর মাধ্যমে দেবদেবী, প্রযুক্তি ও এআই (AI), সমরাস্ত্রসহ নানা বিষয় তুলে ধরা হয়।
নজর কাড়ল পুজো কমিটি ও আলোর থিম
হেলা পুকুর, উত্তরাঞ্চল, বাগবাজারসহ একাধিক পুজো কমিটি তাদের আলোর শোভাযাত্রায় দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে আলোর খেলায় ভারতীয় সেনাবাহিনীর জল, স্থল ও বায়ুসেনার অত্যাধুনিক অস্ত্র এবং যুদ্ধবিমান তুলে ধরে চমক দিয়েছে শীতলাতলা বারোয়ারি।
দুর্যোগের ক্ষয়ক্ষতি পেরিয়ে যুদ্ধকালীন তৎপরতা
প্রাকৃতিক বিপর্যয়ে একাধিক সার্কিট বোর্ড, এসএমপিএস (SMPS)-সহ বিভিন্ন আলোর সরঞ্জাম নষ্ট হলেও হার মানেননি চন্দননগরের আলোকশিল্পীরা। সমস্ত ক্ষয়ক্ষতির পরেও রবিবারের শোভাযাত্রাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন তাঁরা। পাশাপাশি ক্ষয়ক্ষতি সত্ত্বেও চন্দননগরের বিশ্বখ্যাত আলোর শোভাযাত্রাকে ভিনরাজ্য থেকে আনা ব্যান্ডের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলেছেন পুজো উদ্যোক্তারা।