এপ্রিল মাসেই রাজ্যসভায় নির্বাচিত, নভেম্বরেই মহাপ্রয়াণ! সাংসদের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত বিজেপির রাজ্যসভার সাংসদ রামরাও সাখারাম ওয়াদকুটে। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি; মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। চলতি বছরের এপ্রিল মাসেই বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর কাশির সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি করা হয় বিজেপি সাংসদকে। ২১ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং এরপর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।
রাজনৈতিক জীবন ও মহারাষ্ট্রে প্রভাব
রামরাও সাখারাম ওয়াদকুটে মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলের পারভানি জেলার বাসিন্দা। চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। পাশাপাশি বিজেপির হিঙ্গোলি জেলার একাধিক সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং ধাঙ্গড় সম্প্রদায়ের উন্নয়নের জন্য দীর্ঘদিন কাজ করেছেন।
শীর্ষ নেতৃত্বের শোকবার্তা
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘রাজনীতি এক নিষ্ঠাবান ব্যক্তিত্বকে হারাল। সাধারণ মানুষের কল্যাণের বিষয়ে তিনি গভীরভাবে চিন্তিত ছিলেন।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ রামরাও সাখারাম ওয়াদকুটের প্রয়াণে গভীরভাবে শোকাহত। জনকল্যাণের কাজে তিনি নিবেদিত ছিলেন এবং মহারাষ্ট্র ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় জানান, ‘সমাজের জন্য অবদান এবং দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সেবার জন্য ওয়াদকুটে স্মরণীয় হয়ে থাকবেন। মহারাষ্ট্রে বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।’ এছাড়াও রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
শেষকৃত্যের সূচি
পরিবার সূত্রে খবর, সোমবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য পারভানিতে তাঁর মরদেহ রাখা হবে এবং মঙ্গলবার হিঙ্গোলিতে ওয়াদকুটের শেষকৃত্য সম্পন্ন হবে।