‘আগের সরকার শুধু মদের দোকান দিয়েছে’! নবদ্বীপে দাঁড়িয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপের পরিকাঠামোগত উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক নতুন প্রকল্প এবং আর্থিক অনুদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবদ্বীপ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জগৎবন্দিত এই তীর্থক্ষেত্রের প্রচার, প্রসার এবং পরিকাঠামো উন্নয়নে এতদিন সরকারি স্তরে যথাযথ দৃষ্টিপাত করা হয়নি।

মুখ্যমন্ত্রী জানান, নবদ্বীপে আগে নির্মিত একটি ঘাট বর্তমানে ভগ্নদশায় পড়ে রয়েছে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সেচ দফতরের মাধ্যমে ওই ঘাটটি সম্পূর্ণ নতুনভাবে ও সুন্দর করে নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবহণ দফতরের উদ্যোগে এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে স্থায়ী সেতুর ডিপিআর তৈরি ও নির্মাণকাজ সম্পন্ন হতে সময় লাগবে বলে জানান তিনি; সেই অন্তর্বর্তী সময়ে যাতায়াতের সুবিধার্থে সেখানে সুসজ্জিত ও আধুনিক লঞ্চ পরিষেবা চালু করা হবে।

গবেষণা কেন্দ্র, গোশালা ও গুরুকুলের ঘোষণা

এদিন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের উন্নয়নেও বড় অঙ্কের অর্থবরাদ্দের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভক্তদের সহায়তায় মহাপ্রভুর ওপর যে গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল, অর্থের অভাবে তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই গবেষণা কেন্দ্রের কাজ সম্পূর্ণ করার জন্য দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া স্থানীয় গোশালা সম্প্রসারণের উদ্দেশ্যে আরও এক কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি এলাকায় একটি গুরুকুল এবং সংস্কৃত টোল গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার জন্য অর্থের কোনো অভাব হবে না বলে আশ্বাস দেন তিনি।

কবে শেষ হবে কাজ ও কবে আসবে লঞ্চ?

প্রকল্পগুলোর সময়সীমা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ঘোষিত সমস্ত অর্থবরাদ্দ ও প্রশাসনিক প্রক্রিয়া ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। ঘাট নির্মাণ এবং লঞ্চ পরিষেবা চালুর প্রস্তুতিতে প্রায় দু’মাস সময় লাগবে। নির্মাণকাজ শেষ হলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি পুনরায় নবদ্বীপে এসে লঞ্চ ও ফেরি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানান।

বিগত সরকারের বিরুদ্ধে তোপ

বক্তব্যের শেষে বিগত সরকারের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, পূর্ববর্তী প্রশাসন মহাপ্রভুর জন্মস্থানের উন্নয়নে কোনো নজর দেয়নি। রাজনৈতিক বিতর্কে না গিয়েও তিনি অভিযোগ তোলেন যে বিগত সরকার নবদ্বীপ শহরকে একটি দেশি ও আটটি বিদেশি মদের দোকান ছাড়া আর কিছুই দেয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *