এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত, তবু সম্পূর্ণ দেহের খোঁজ নেই! সুজিত মণ্ডল খুনে কী বলছে তদন্তের মোড়?

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শ্মশানে রবিবার সুজিত মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নিহত বিজেপি কর্মী সুজিত মণ্ডলের সম্পূর্ণ দেহ না পাওয়ায় হিন্দু ধর্মীয় রীতি মেনে কুশপুতুল তৈরি করে তা দাহ করেন তাঁর নাবালক পুত্র। খুনের পরে দুষ্কৃতীরা দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছিল বলে অভিযোগ; দেহের কিছু অংশ উদ্ধার হলেও পুরো দেহ মেলেনি। আর সেই কারণেই প্রতীকীভাবে কুশপুতুল দাহ করে বাবাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

ধুলিয়ান শ্মশানে এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলার শীর্ষ নেতারা, যার মধ্যে মালদা দক্ষিণ জেলার সহ-সভাপতি মিলন মণ্ডলও ছিলেন। তিনি জানান, যেহেতু সুজিতের সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি, তাই প্রতীকীভাবে তাঁকে চিরবিদায় জানানো হয়েছে। পাশাপাশি সুজিতের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে দলের পক্ষ থেকে দ্রুত আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।

নিখোঁজ থেকে দেহাংশ উদ্ধার

গত ২৮ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা এলাকার বিজেপি নেতা সুজিত মণ্ডল। পরবর্তীকালে সামসেরগঞ্জ থানার পুলিশ শামাউল হক, জানি শেখ ও তাজফিরা বিবি নামে তিন জনকে গ্রেফতার করে।

তাদের জেরা করে পুলিশ ৩ সেপ্টেম্বর ফরাক্কার বাল্লারপুর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সুজিতের দেহের একটি অংশ উদ্ধার করে; বাকি অংশ ভেসে গিয়েছে বলে অনুমান পুলিশের। ওই দেহাংশ সুজিতের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয় এবং এরপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অর্থের লেনদেন, খুন ও এনকাউন্টার

তদন্তকারীদের অভিযোগ, সুজিত মণ্ডল খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শামাউলকে নিয়ে সিআইডি ঘটনার পুনর্নির্মাণের জন্য ধুলিয়ানের একটি বাজারে গেলে সে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় এনকাউন্টারে মৃত্যু হয় শামাউলের।

তদন্তে উঠে এসেছে, শামাউলের সঙ্গে সুজিতের ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং দুজনেই ব্যবসার পাশাপাশি সুদের কারবার চালাতেন। সম্প্রতি সুজিত বড় অঙ্কের টাকা শামাউলকে ধার দিলেও তা ফেরত পাচ্ছিলেন না। টাকা ফেরত চেয়ে চাপ দেওয়ার জেরেই দুজনের সম্পর্কে অবনতি ঘটে এবং তার ফলেই পরিকল্পনা করে সুজিতকে খুন করা হয় বলে অভিযোগ। প্রমাণ লোপাট করতেই দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *