৫ হাজার ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন, কিন্তু হাতে টাকা কই? সংকটে এই বিমান সংস্থার ভবিষ্যৎ কী?

আর্থিক সংকটে জর্জরিত বিমান সংস্থা স্পাইসজেট। আর তার পরিষেবা নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। একের পর এক উড়ান বাতিল, দীর্ঘ বিলম্ব এবং সীমিত সংখ্যক বিমান নিয়ে পরিষেবা চালানোর অভিযোগের মধ্যেই নতুন বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, যেসব রুটে নিয়মিত বিমান চালানো যাচ্ছে না, সেখানেও টিকিট বিক্রি চালানো হচ্ছে এবং সম্ভাব্য বাতিল বা বিঘ্ন নিয়ে যাত্রীদের আগাম সতর্কও করা হচ্ছে না; ফলে বিমানবন্দরে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বহু যাত্রী।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পাইসজেটের দিল্লি-দুবাই এবং দিল্লি-মুম্বই রুটে বুকিং চালু রয়েছে, যদিও ওয়েবসাইটে সম্ভাব্য উড়ান বাতিল বা পরিষেবা বিঘ্নের কোনো বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি।
দুবাইয়ে চেক-ইন বন্ধ, তবু বুকিং?
দুবাইয়ের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। বকেয়া অর্থ না মেটানোয় ১২ নভেম্বর দুবাই বিমানবন্দর স্পাইসজেটের চেক-ইন পরিষেবা বন্ধ করে দিয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা ডিএনএটিএ বা ডনাটা স্পাইসজেটের কাছে প্রায় ১৪ মিলিয়ন দিরহাম—যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫.৮ কোটি টাকা—পাওনা রয়েছে। তা সত্ত্বেও দিল্লি-দুবাই ও মুম্বই-দুবাই রুটের টিকিট বিক্রি অব্যাহত ছিল বলে অভিযোগ উঠেছে।
দেশীয় রুটেও উড়ান বাতিল ও দীর্ঘ বিলম্ব
স্পাইসজেটের অভ্যন্তরীণ পরিষেবাতেও বিঘ্ন ঘটার অভিযোগ সামনে এসেছে। গত ১৯ নভেম্বর দিল্লি-মুম্বইগামী এসজি ৬০৩ বিমানটি দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাতিল করা হয়, যার জেরে দিল্লি বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আরেকটি ঘটনায় বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমানে ১১ ঘণ্টা দেরির অভিযোগ উঠেছে; এক যাত্রীর দাবি, নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে বিমান ছাড়তে দেরি হবে বলে জানানো হয়।
ডিজিসিএ-র শো কজ ও সচল বিমানের সংখ্যা নিয়ে প্রশ্ন
পরিস্থিতির ওপর নজর রেখে ১৭ নভেম্বর স্পাইসজেটকে শো কজ নোটিস পাঠায় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সময়মতো বিমান চালাতে না পারা, বারবার উড়ান বাতিল, যাত্রীদের ভোগান্তি এবং অধিকাংশ বিমান বসে থাকার মতো আটটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।
সংস্থার আর্থিক সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাইলটদের সংগঠন আলপা ইন্ডিয়াও। তাদের আশঙ্কা, এর ফলে কর্মীদের বেতন, বিমানের রক্ষণাবেক্ষণ এবং উড়ানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পাইসজেটের বহরে কাগজে-কলমে প্রায় ৫০টি বিমান থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র পাঁচটি।
৫ হাজার ৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা
আর্থিক সংকট মোকাবিলায় ১৮ নভেম্বর সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্পাইসজেটের বোর্ড। বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে এই তহবিল তোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তাব অনুমোদিত হলেও এই অর্থ এখনও সংস্থার হাতে এসে পৌঁছায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে যাত্রীদের পরিষেবা স্বাভাবিক রাখা এবং উড়ান পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখাই স্পাইসজেটের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।