এখনই সোনা কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন? দাম নিয়ে বড় ইঙ্গিত দিলেন অর্থনীতিবিদ আনন্দ শ্রীনিবাসন

বিয়ের মরশুমের মাঝে মধ্যবিত্ত ও গয়নাপ্রেমীদের জন্য বড়সড় স্বস্তির খবর। গত কয়েকদিন ধরেই দেশের বাজারে ক্রমাগত কমছে সোনার দাম। ১ লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যাওয়া হলুদ ধাতু এখন অনেকটাই নাগালের মধ্যে। তবে প্রশ্ন উঠছে, সোনার দাম কি আরও কমবে, নাকি আচমকাই বেড়ে গিয়ে ক্রেতাদের চমকে দেবে? এই দোলাচলের মাঝেই বড় ভবিষ্যদ্বাণী করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনন্দ শ্রীনিবাসন। তাঁর মতে, ভরি প্রতি সোনার দাম ৮৫,০০০ থেকে ৯০,০০০ টাকার মধ্যে নেমে আসতে পারে এবং আগামী মার্চ মাস পর্যন্ত দাম কমার এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

গত বছরের জানুয়ারিতে যেখানে ভরি প্রতি সোনার দাম ছিল মাত্র ৫৭,০০০ টাকা, সেখান থেকে লাগামছাড়াভাবে বেড়ে চলতি বছরের জানুয়ারিতে তা ১.৩৪ লাখ টাকার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গিয়েছিল। সোনার এই আকাশছোঁয়া দামে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের। অনেকেই ভেবেছিলেন, দাম হয়তো আর কমবে না। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে সম্প্রতি তরতর করে নামতে শুরু করেছে সোনার দর। ২২ নভেম্বর অর্থাৎ আজ ভরি প্রতি গয়নার সোনার দাম কমে দাঁড়িয়েছে ৯১,৭২০ টাকায়।

গত কয়েক মাসের পরিসংখ্যান দেখলেই সোনার দামের এই পতনের ছবিটা স্পষ্ট হয়ে যায়। গত ১ আগস্ট ভরি প্রতি সোনার দাম ছিল ১,০৫,৭৬০ টাকা, যা ১ সেপ্টেম্বর বেড়ে হয় ১,১৫,০৮০ টাকা। এরপর থেকেই শুরু হয় নিম্নমুখী যাত্রা। ১ অক্টোবর দাম কমে দাঁড়ায় ১,০৯,৩২০ টাকায় এবং ১ নভেম্বর তা আরও কমে হয় ১,০১,৮৪০ টাকা। আর আজ তা ১ লাখের নিচে নেমে ৯১,৭২০ টাকায় পৌঁছেছে।

কেন হঠাৎ এতটা সস্তা হচ্ছে সোনা? একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনন্দ শ্রীনিবাসন এর নেপথ্যের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, আমেরিকায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই সোনার বাজারে বড় প্রভাব ফেলছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর আমেরিকার ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, সেখানে সুদের হার ০.৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এর পাশাপাশি আগামী মার্চ মাসের মধ্যে আরও একবার সুদের হার বদলানোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মার্চের মধ্যে আমেরিকায় মোট ১ শতাংশ পর্যন্ত সুদের হার বাড়তে পারে, যা ১৯৯৯ সালের পর সবচেয়ে বড় বৃদ্ধি হবে।

অর্থনীতিবিদদের মতে, আমেরিকায় সুদের হার বাড়লে ডলারের দাম আরও শক্তিশালী হবে এবং বিশ্ববাজারের বিনিয়োগকারীরা সোনার বদলে ডলারের দিকেই বেশি ঝুঁকবেন। আর ডলারের দাম যত বাড়বে, পাল্লা দিয়ে ততই কমতে থাকবে সোনার দর। তবে চীন কী পরিমাণে সোনা কিনছে, তার ওপরও বাজারের গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করবে। যদিও চীন সরকার গোপনে বিপুল পরিমাণ সোনা কিনতে চলেছে বলে মনে করা হচ্ছে। সব দিক হিসেব কষে আনন্দ শ্রীনিবাসনের মত, আগামী মার্চ মাস পর্যন্ত সোনার বাজারে এই স্বস্তি বজায় থাকবে এবং ভরি প্রতি দাম ৮৫ থেকে ৯০ হাজার টাকার আশেপাশেই ঘোরাফেরা করবে। ফলে যারা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *