রবি-সোমেও বৃষ্টির ভ্রুকুটি, নভেম্বরের শেষে বঙ্গে শীতের আমেজ কতটা?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। দ্রুত শক্তি ক্ষয় করায় এর সরাসরি প্রভাব প্রায় শেষ। তবে এর জেরে বাংলায় কিছু মেঘ ঢুকে পড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে এক বা দুই জায়গায় বজ্রপাতের আশঙ্কা বেশি। রবিবার ও সোমবার সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ ও কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোর কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে এক বা দুই জায়গায় বজ্রপাত হতে পারে। রবি ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে, উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ বজায় থাকবে এবং তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও স্থানীয়ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে শহর ও আশপাশে শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার ইঙ্গিত মিলছে।