কম খরচেই ছুটবে এআই মডেল, গুগলের বড় স্বীকৃতি পেলেন বাংলার এই গবেষক

ড় স্বপ্ন দেখতে গেলে সব সময় বিশাল পরিকাঠামোর দরকার পড়ে না। নতুন করে ভাবার সাহস, অজানাকে জানার আগ্রহ আর লাগাতার গবেষণার তাগিদ থাকলেই সাফল্য আসে। সেই চেষ্টারই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিরূপ চট্টোপাধ্যায়। ২০২৬ সালের গুগল পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই গবেষণা আগামিদিনে বিশ্বকে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী অভিরূপ।

মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তাঁর কাজই তাঁকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক গবেষণা মঞ্চে পৌঁছে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অভিরূপের কাজের মূল লক্ষ্য, এআই-এর বড় মডেলগুলোকে কীভাবে আরও দ্রুত, কম খরচে ও নির্ভরযোগ্য করে তোলা যায়।

এআই গবেষণায় নতুন দিশা

এখন এআই-এর বড় মডেলগুলোকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বারবার প্রশিক্ষণ দিতে হয়। এতে সময় ও খরচ, দুটোই অনেকটা বাড়ে। সেই সমস্যার সমাধান খুঁজতেই কাজ করছেন অভিরূপ। কম পরিকাঠামো ব্যবহার করেই এআই মডেলগুলো যাতে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, এমন প্রযুক্তি তৈরিতে জোর দিচ্ছেন তিনি। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এই গবেষণার ভবিষ্যৎ প্রয়োগের সুযোগ রয়েছে।

এই সাফল্য শুধু অভিরূপের একার নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও শিক্ষকদের কাছেও এক বড় প্রাপ্তি। বাংলার তরুণ গবেষকদের এমন আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে আরও অনেককে নতুন কিছু ভাবতে ও গবেষণা করতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *