৮৯ বছর পর খুলছে জগদীশচন্দ্র বসুর তালাবন্ধ সিন্দুক, ভেতরে কী লুকিয়ে আছে?

৮৯ বছর ধরে তালাবন্ধ হয়ে পড়েছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক। জমেছিল মরচে আর ধুলোর পুরু প্রলেপ। সিন্দুকের ভেতরে ঠিক কী রয়েছে, তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীমহল, সবার মনেই কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই রহস্যের জট খুলতে চলেছে। ঝাড়খণ্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গিরিডিতে সংরক্ষিত প্রয়াত এই বিজ্ঞানীর সিন্দুক খোলার সময় এসেছে।
১৯৩৭ সালের ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডির বরগণ্ডায় শান্তি ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আচার্য জগদীশচন্দ্র বসু। তাঁর মৃত্যুর পর থেকেই ওই বাসভবনে সিন্দুকটি রাখা রয়েছে। এতদিন পর্যন্ত তা আর খুলে দেখা হয়নি। বহু বছর আগেই শান্তি ভবনকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয় এবং নাম দেওয়া হয় জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র। যদিও সাধারণ দর্শনার্থীদের জন্য এই সংগ্রহশালার দরজা কার্যত বন্ধই থাকে। বর্তমানে ভবনটি দেখাশোনার দায়িত্বে রয়েছে ক্রীড়া দফতর।
জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সেই সংগ্রহশালাতেই এখনও রয়েছে জগদীশচন্দ্রের লোহার সিন্দুক। সম্প্রতি সংগ্রহশালাটির সংস্কার এবং তালাবন্ধ সিন্দুক খোলার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট।
গত ১৮ নভেম্বর মামলার শুনানিতে বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় এবং বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ গিরিডির ওই বাসভবন সংস্কারের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। এ বিষয়ে রাজ্য সরকারের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবনটি সংস্কার নিয়ে গিরিডির ডেপুটি কমিশনারের কাছেও জবাব তলব করেছে আদালত।
হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর ৮৯ বছর পরেও সিন্দুকটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আদালত মনে করছে, ওই সিন্দুকে বিজ্ঞানীর গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকার সম্ভাবনা রয়েছে, যা বিজ্ঞানচর্চা এবং মানবজাতির স্বার্থে নতুন দিশা দেখাতে পারে। সে কারণেই সিন্দুকটি খোলার এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন বিচারপতিরা।
এর আগেও সিন্দুকটি খোলার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০২ সালে একবার ঠিক হয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম গিরিডিতে গিয়ে নিজেই এই সিন্দুক খুলবেন। কিন্তু কোনো এক কারণে তাঁর সেই সফর বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে আরও একবার তাঁর গিরিডি যাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তার পর থেকে সিন্দুকটি সেভাবেই পড়ে ছিল এবং তা খোলার আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৮৯ বছর পর হাইকোর্টের নির্দেশে সিন্দুকটি খুললে দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটতে পারে বলেই আশা করছে বিজ্ঞানীমহল।