মুম্বইয়ের পার্কে ছবি তুলতে গিয়ে বিপাকে যুগল! ৮ নাবালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

মুম্বইয়ের কুরলায় ফিনিক্স মলের কাছে একটি মিউনিসিপ্যাল পার্কে ছবি তোলার সময় এক যুবক ও যুবতীকে মারধর এবং হেনস্তার ঘটনা সামনে এসেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও স্থানীয় কয়েকজন মোবাইলে রেকর্ড করেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক চর্চা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘাটকোপার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর একাধিক ধারায় আটজন নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কুরলার ফিনিক্স মল সংলগ্ন ওই মিউনিসিপ্যাল পার্কে এক তরুণ ও তরুণী ছবি তুলছিলেন। সেই সময় সেখানে থাকা আট থেকে দশজন নাবালক তাঁদের সঙ্গে তর্কে জড়ায় এবং পরে হেনস্তা ও মারধর শুরু করে বলে অভিযোগ।
ঘটনার সময় পার্কে থাকা স্থানীয় বাসিন্দাদের কয়েকজন পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী, আক্রান্ত তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘাটকোপার পুলিশ আটজন নাবালকের বিরুদ্ধে বিএনএস-এর ১৮৯(২), ১৮৯(৪), ১১৮(১), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করেছে।
এ ঘটনায় পাঁচজন নাবালকের অভিভাবককেও নোটিস পাঠিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, অভিযুক্ত নাবালকদের জুভেনাইল জাস্টিস বোর্ড বা জেজেবি-র সামনে হাজির করিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।