দিল্লি যাওয়ার টাকা ছিল না, ৯৮-এ পদ্মশ্রী! বিলুপ্তপ্রায় বাদ্য বাঁচাতে ১০৩ বছর লড়েছেন কে?

আমাদের শৈশবে নিশ্চয়ই এমন কোনো গান বা সুর ছিল, যা এখন আর পুরোটা মনে পড়ে না। রান্না করতে করতে ঠাকুরমার গুনগুনানি, গ্রামের উৎসবের সুর কিংবা নিজস্ব বোলির কোনো ঘুমপাড়ানি গান। একদিন মনে করতে বসলে দেখা যায়, যাঁরা তা জানতেন, তাঁরা কেউ আর নেই। কেউ লিখেও রাখেনি। ধীরে ধীরে হারিয়ে যায় সেইসব সুর। তবে উত্তর ত্রিপুরার পাহাড়ে এমন একজন মানুষ ছিলেন, যিনি সারাজীবন লড়ে গেছেন, যাতে একটি লোকসুর সময়ের আগেই হারিয়ে না যায়।
তাঁর নাম থাঙ্গা দারলং। ১৯২০ সালের ২০ জুলাই ত্রিপুরার মুরুআই গ্রামে দারলং জনজাতি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সংগীতে তাঁর প্রথম গুরু ছিলেন বাবা হাকভুঙ্গা দারলং। পরবর্তীতে ওই জনজাতির দক্ষ সংগীতশিল্পী দারথুয়ামা দারলংয়ের কাছ থেকে রোজ়েম বাজানোর খুঁটিনাটি শেখেন তিনি।
রোজ়েম কী?
রোজ়েম হলো ফুঁ দিয়ে বাজানো একটি বাদ্যযন্ত্র, যার পরিচিতি দারলং জনজাতির সঙ্গে জড়িয়ে। বাঁশ এবং জল রাখার ঐতিহ্যবাহী পাত্র দিয়ে এটি তৈরি করা হয়, যা জনজাতির ভাষায় ‘উম’ নামে পরিচিত। এর ধীর ও শ্বাস-প্রশ্বাসের মতো সুর ওই অঞ্চলের জঙ্গল ও উৎসবের সঙ্গে যুক্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে জনজাতির নানা উৎসবে এই বাদ্যযন্ত্র বেজে এসেছে। কিন্তু আধুনিক বাদ্যযন্ত্র ও রেকর্ড করা গান গ্রামে পৌঁছাতেই এটি শেখার লোক কমতে থাকে। তৈরি করার কারিগরের সংখ্যাও কমে যায়। জীবনের শেষ বছরগুলোতে বিশেষজ্ঞরা থাঙ্গাকে রোজ়েম বাজানোর শিল্পের শেষ প্রকৃত ওস্তাদ হিসেবে বর্ণনা করতেন।
রোজ়েম কেবল শিল্প নয়, ছিল জীবনযাপনের অংশ
তিনি কখনো স্কুলে যাননি। জীবনের বড় অংশ কেটেছে দারিদ্র্যের মধ্যে। তবুও শৈশব থেকেই নিজের জনজাতির ঐতিহ্যবাহী উৎসবে বাজিয়ে গেছেন। কয়েক দশক ধরে শিখতে আসা তরুণদের তালিম দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠরা জানাতেন, বয়স অনেক বেড়ে যাওয়ার পরও প্রতিদিন কয়েক ঘণ্টা বাজানোর জন্য সময় বের করতেন তিনি। রোজ়েম তাঁর কাছে শুধু মঞ্চে দেখানোর কোনো শিল্প ছিল না; খাওয়া-দাওয়া বা প্রার্থনার মতোই তা ছিল তাঁর দৈনন্দিন জীবনের অংশ।
আশেপাশের পৃথিবী যখন কোনো কিছু ছেড়ে যাচ্ছে, তখনও সেই কাজ চালিয়ে যাওয়ার ধৈর্যের কথা ভাবলে অবাক হতে হয়। প্রতি বছর রেডিওর শব্দ বেড়েছে আর পুরোনো উৎসবের সুর ক্ষীণ হয়েছে। শিখতে আসা যুবকের সংখ্যাও কমেছে। তবু তিনি বাজিয়ে গেছেন। যাঁরাই তাঁর কাছে বসে শিখতে চেয়েছেন, তাঁদের শিখিয়েছেন।
পুরস্কার নিতে দিল্লি যাওয়ার টাকা ছিল না
স্বীকৃতি ও সম্মান এসেছে অনেক দেরিতে। ২০১৪ সালে ঐতিহ্যবাহী সংগীত বাঁচিয়ে রাখার জন্য তাঁকে পুরস্কৃত করে সংগীত নাটক অ্যাকাডেমি। ২০১৯ সালের জানুয়ারিতে আটানব্বই বছর বয়সে পদ্মশ্রীর জন্য নির্বাচিত হন তিনি। ততদিনে শ্রবণশক্তি কমে এসেছিল। তবুও সাংবাদিকদের তিনি জানান যে নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছেন। পরে আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের কষ্টের কথাও জানান তিনি। পুরস্কার নিতে দিল্লি যাওয়ার মতো টাকা তাঁর কাছে ছিল না। থাকার মতো উপযুক্ত বাড়িও ছিল না। তিনি জানান, সেজন্য ধার করতে হয়েছিল। রাজ্য সরকার ঘরের জন্য অর্থ মঞ্জুর করে। ওই বছরের নভেম্বরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তৈরি নতুন বাড়ির চাবি তাঁর হাতে তুলে দেন আধিকারিকরা। উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে একটি রোজ়েম দেন থাঙ্গা।
২০১৯ সালের ৪ জুন যখন তিনি পদ্মশ্রী পান, তখন তাঁর বয়স ছিল আটানব্বই বছর ৩১৯ দিন। পরবর্তীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার পুরুষ লোকসংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি দেয়। ২০২৩ সালের ৩ ডিসেম্বর ঊনকোটি জেলার কৈলাসহরে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।
তাঁর পর রোজ়েম কতটা টিকে থাকবে, তা নিশ্চিত করে বলা যায় না। তবে ত্রিপুরার পাহাড়ে এমন কিছু যুবক রয়েছেন, যাঁরা তাঁর কাছ থেকে এর সুর শিখেছেন। আশি বছরেরও বেশি সময় ধরে দারলং জনজাতির উৎসবে শোনা সংগীতকে আগলে রেখেছিলেন এমন একজন মানুষ, যিনি পড়তে পারতেন না, যাঁর সম্বল ছিল সামান্যই, কিন্তু যিনি বাজানো ছাড়েননি। ভবিষ্যতে কোনো দারলং শিশু যখন উৎসবে রোজ়েমের সুর শুনবে, তখন সেই আওয়াজ থাঙ্গার হাত ধরেই তার কাছে পৌঁছাবে।