বিগ বসে জীতু-সৃজলার সম্পর্ক শেষ? ভোরে চুল ফিরিয়ে কী বললেন অভিনেতা!

বিগ বস বাংলার ঘরে জীতু কমল এবং সৃজলা গুহর সমীকরণে কি এবার ইতি পড়তে চলেছে? শুক্রবার সম্প্রচারিত পর্বে দুই প্রতিযোগীর কথাবার্তা, শরীরী ভাষা এবং আচরণে সেই জল্পনাই জোরালো হয়েছে। শুরু থেকেই টাস্কের ময়দানে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গেছে জীতু ও সৃজলাকে। ঘরের বাকি সদস্যদের পাশাপাশি দর্শকদের কাছেও এই জুটির রসায়ন বেশ পরিচিত ছিল। তাছাড়া ক্যামেরার সামনে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালো লাগা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন জীতু। সৃজলা অবশ্য কখনওই সরাসরি ভালোবাসার কথা বলেননি এবং বরাবরই বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়েছেন। যদিও ঘরের ভেতর একমাত্র জীতুই তাঁকে সমর্থন করেন এবং বিপদে আপদে পাশে থাকেন, এমন কথা বারবার স্বীকার করেছেন তিনি। তবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার ফুটেজে তাঁদের সম্পর্কের এক অন্য ছবি ধরা পড়েছে, যা নিয়ে দর্শকমহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

পর্বের একটি অংশে রাত সাড়ে তিনটার দৃশ্যে দেখা যায়, পাউডার রুমের সোফায় বসে একাই বিড়বিড় করছেন সৃজলা। তাঁর কথাবার্তায় এক ধরনের দ্বিধা ও আবেগের ছাপ স্পষ্ট ছিল। তাঁর কথায় শোনা যায়, এইরকম হয়, এইরকম হয়, এইভাবে ভালোবাসা, এতটা ভালোবাসা। ঠিক তার পরেই বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় জীতুকে। রাতের সেই দৃশ্য থেকেই ঘরের ভেতরের অদ্ভুত নীরবতা ও টানাপোড়েন চোখে পড়ে।

এরপর ভোর পাঁচটার ফুটেজে দুজনকেই গার্ডেন এরিয়ায় আসতে দেখা যায়। সেখানে টাস্কের জন্য কেটে রাখা সৃজলার চুলের অংশ তাঁর হাতে তুলে দিয়ে জীতু বলেন, এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনোদিন কোনো কথা হয়নি, হবেও না। চিন্তা কোরো না। অভিশাপ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সবকিছু ভালো কিন্তু একটা জুটি ভালো আছে, তাদেরকে ভাঙা, কখনও না, কখনও না। সব নিজের কাছে রেখে দাও।

কথা প্রসঙ্গে জিতু আরও বলেন, যাও শুয়ে পড়ো। আর ১৬ দিন বাকি, আমি সামলে নেব। আমি ফিল্মি মানুষ, অন্যভাবে অন্য পৃথিবী ভাবি। কিন্তু এটা হবে না। সবটা হয় এমন তো নয়। জিতুর এত কথা শোনালেও এদিন সৃজলাকে কোনো উত্তর দিতে দেখা যায়নি। তিনি চুপচাপ পুরো কথা শুনেছেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি।

উল্লেখ্য, এর আগেও জিতু জানিয়েছিলেন যে বাড়ির বাইরে সৃজলার একটি সম্পর্ক রয়েছে এবং তিনি সেই সম্পর্ক নষ্ট করতে চান না। অন্য একটি জুটির সম্পর্ক ভাঙার প্রসঙ্গ তুলে তাঁর সতর্কবার্তা সেই ইঙ্গিতকেই আরও স্পষ্ট করেছে। এবার তবে কি জীতু ও সৃজলার মধ্যে দূরত্ব তৈরি হবে, নাকি খেলার কৌশলেই নতুন বাঁক আসবে? তা জানতে চোখ রাখতে হবে বিগ বস বাংলার আগামী পর্বগুলোতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *