ফুটপাথ দখলমুক্ত করতে মেগা প্ল্যান!—হকারদের জন্য তৈরি হচ্ছে ‘স্ট্রিট ফুড হাব’ ও সোলার ই-কার্ট

রাজ্যে ক্ষমতায় আসার পরপরই হকার উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছিল বিজেপি সরকার। সে সময় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছিলেন, ফুটপাথ, স্টেশন বা রাস্তা দখল করে ব্যবসা চলবে না; তবে হকারদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য। হকারদের স্থায়ী ঠিকানা দিতে কলকাতা ও শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক শহরে ‘স্ট্রিট ফুড হাব’ এবং সোলার চালিত বিশেষ ‘ই-কার্ট’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করেছেন অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে তিনি জানান, হকারদের জীবিকা সুরক্ষিত রাখার পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করতেই এই বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোন কোন শহরে তৈরি হবে স্ট্রিট ফুড হাব?

মন্ত্রীর কথায়, সারা দেশে প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় আধুনিক স্ট্রিট ফুড হাব থাকলেও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এমন কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। সেই ঘাটতি মেটাতেই এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অগ্নিমিত্রার ঘোষণা অনুযায়ী:

  • কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই স্ট্রিট ফুড হাবগুলি তৈরি করা হবে।

  • প্রতিটি হাব নির্মাণে আনুমানিক ৪ কোটি টাকা করে খরচ হতে পারে।

এই হাবগুলিতে সংশ্লিষ্ট এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতাদের এক ছাতার তলায় নিয়ে আসা হবে। এর ফলে ক্রেতারা যেমন স্বাস্থ্যকর পরিবেশে এক জায়গায় দাঁড়িয়ে হরেক রকমের খাবারের স্বাদ নিতে পারবেন, তেমনই বিক্রেতাদেরও স্থায়ী ও সংগঠিত কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

কেমন হবে হকারদের জন্য বিশেষ ‘ই-কার্ট’?

খাবার ছাড়াও অন্যান্য পণ্যের হকারদের পুনর্বাসনের জন্য আধুনিক ‘ই-কার্ট’-এর ব্যবস্থা করছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, বিক্রেতার পেশা ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে এই কার্টগুলি তৈরি করা হবে। যেমন:

  • ফুচকা বিক্রেতাদের জন্য যেমন এক ধরনের নকশা থাকবে, তেমনই ফুল বা জামাকাপড় বিক্রেতাদের জন্য তৈরি হবে পৃথক ধরনের কার্ট।

  • প্রতিটি কার্টের উপরে বসানো থাকবে সোলার প্যানেল। সেই সৌরশক্তি ব্যবহার করে বিক্রেতারা কার্টের মধ্যেই ইন্ডাকশনে রান্নাও করতে পারবেন।

কারা পাবেন এই সুবিধা?

হকার পুনর্বাসনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা ধরেই এগোবে সরকার। ইতিমধ্যেই কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি পোর্টালে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পাবেন। প্রয়োজন অনুযায়ী তাঁদের ‘পিএম স্বনিধি’ প্রকল্পের আর্থিক সুবিধা, বিশেষ প্রশিক্ষণ এবং ই-কার্ট দেওয়া হবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *