‘অপরাধী আমি নই, আপনারা’—মেক্সিকোয় কীভাবে তৈরি হলো ‘অলিম্পিয়া আইন’? জানুন অবিশ্বাস্য লড়াই

১৮ বছর বয়সে প্রেমিকের সঙ্গে তৈরি একটি একান্ত মুহূর্তের ভিডিও অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল অলিম্পিয়ার জীবন। পরিচিতি হয়ে উঠেছিল অপমানজনক তকমা ‘হুয়াউচিনাঙ্গোর আবেদনময়ী মোটা মেয়ে’। চারদিকে শুরু হয় কটাক্ষ, অশালীন মন্তব্য এবং লাগাতার অনলাইন হেনস্থা। গভীর অবসাদে ভেঙে পড়েন তিনি। আট মাস ঘর থেকে বেরোননি, এমনকী তিনবার আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু সেই অন্ধকার থেকেই শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানোর লড়াই। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাই পরবর্তীতে মেক্সিকোয় সাইবার যৌন হেনস্থার বিরুদ্ধে আইন তৈরির আন্দোলনে রূপ নেয়, যা আজ ‘অলিম্পিয়া আইন’ নামে পরিচিত। বিবিসি বাংলার প্রতিবেদনে এই সংগ্রামের বিস্তারিত উঠে এসেছে।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সে ছয় বছরের প্রেমিকের সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও তৈরি করেছিলেন অলিম্পিয়া। কীভাবে সেই ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে, তা তাঁর কাছে স্পষ্ট ছিল না। ভিডিওতে শুধু অলিম্পিয়াকেই দেখা যাচ্ছিল এবং তাঁর প্রেমিকও ভিডিও ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন। এরপরই শুরু হয় জল্পনা। স্থানীয় সংবাদপত্রের প্রথম পাতায় তাঁর ছবি ও ঘটনা প্রকাশিত হয়, সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা। লাগাতার অপমানে মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে ঘরবন্দি করেন অলিম্পিয়া। আট মাস বাইরে বেরোননি এবং তিনবার আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের কাছে বিষয়টি লুকোনোর চেষ্টা করলেও একদিন তাঁর ১৪ বছরের ভাই পরিবারের সামনে ভিডিওটির কথা জানিয়ে দেয়। মা কান্নায় ভেঙে পড়েন, আর ক্ষমা চেয়ে অলিম্পিয়া জানান তিনি আর বাঁচতে চান না। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা অলিম্পিয়ার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মা তাঁকে বোঝান, যৌন সম্পর্কে জড়ানো কোনও অপরাধ নয়; নিজের যৌনতা উপভোগ করার জন্য তিনি খারাপ মানুষ নন। অপরাধ করেছে সে, যে অনুমতি ছাড়াই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়েছে। এই কথায় অলিম্পিয়া বুঝতে পারেন, তিনি অপরাধী নন, বরং অপরাধের শিকার।

এক বন্ধুর পরামর্শে অনলাইনে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করা বিভিন্ন ওয়েবসাইট দেখে অলিম্পিয়া বোঝেন, এই হেনস্থা শুধু তাঁর একার নয়, বহু নারীই একই পরিস্থিতির শিকার। অভিযোগ জানাতে থানায় গেলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভিডিওটি দেখতে চান এবং তা দেখে হাসাহাসি করেন। তাঁর যুক্তি ছিল, ধর্ষণ বা মাদক খাইয়ে কিছু করা হয়নি, তাই ফৌজদারি আইনে অপরাধ ঘটেনি। এই অভিজ্ঞতা থেকেই স্পষ্ট আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।

২০১৪ সালে একই ধরনের ঘটনার শিকার নারীদের নিয়ে একটি দল গঠন করে পুয়েবলা প্রদেশের জন্য সাইবার যৌন হেনস্থার বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করেন অলিম্পিয়া। মাত্র ১৯ বছর বয়সে ২০১৪ সালের মার্চে পুয়েবলার মেয়রের সামনে প্রকাশ্যে সেই প্রস্তাব তুলে ধরেন। মঞ্চে উঠে নিজেকে পরিচয় দেন সেই অপমানজনক নামেই, এবং উপস্থিত কয়েকজন বক্তার ভিডিও লাইক ও শেয়ার করার প্রমাণ দেখিয়ে বলেন, অপরাধী তাঁরা, তিনি নন। শুরুতে বিরোধিতা হলেও দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালে পুয়েবলায় আইনটি পাস হয়।

এই আইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, পাশাপাশি সাইবার হেনস্থা ও ডিজিটাল যৌন হিংসাও আইনের আওতায় আসে। পরবর্তীতে মেক্সিকোর ১১টি রাজ্যে আইনটি কার্যকর হয়। অলিম্পিয়া গড়ে তোলেন ‘ন্যাশনাল ফ্রন্ট ফর সরোরিটি’। এক সাংবাদিকের প্রতিবেদনে প্রথম ব্যবহৃত ‘অলিম্পিয়া আইন’ নামেই আজ আইনটি পরিচিত, আর নিজের যন্ত্রণাকে হাতিয়ার করে ডিজিটাল হিংসার বিরুদ্ধে লড়াইয়ের মুখে পরিণত হয়েছেন অলিম্পিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *