‘কয়েকজনের ভুল আত্মঘাতী হতে পারে’, কাদের দিকে ইঙ্গিত কুণাল ঘোষের? রিলস-লাইভ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

দলেরই একাংশের কাজকর্ম ও আচরণ নিয়ে ফের একবার সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নাম না করে দলের অভ্যন্তরের কয়েকজনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কয়েকজনের ভুলের মাশুল গোটা দলকে দিতে দেওয়া যায় না। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ বা কড়া ডোজ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে দলের মধ্যে থাকা কারও কারও ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ও অসন্তোষ উগরে দেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্যে উঠে এসেছে, তেল মারা, অন্যের নাম জড়িয়ে পোস্ট করা, নির্দিষ্ট ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ কিংবা রিলস তৈরি করার মতো নানা প্রবণতার কথা। এমনকি সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলার মতো আচরণেরও কড়া সমালোচনা করেছেন তিনি।

কুণাল ঘোষের অভিযোগ, এলাকার সাংগঠনিক কাজে যুক্ত না থেকেও কেউ কেউ বিকেলে দীর্ঘ সময় ধরে বিজয় মিছিল বা জিন্দাবাদ স্লোগান দিতে ব্যস্ত থাকছেন। আবার ফেসবুকের লাইক ও ফলোয়ারের সংখ্যাকেই জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে তুলে ধরার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী, ইন্টারনেট থেকে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার সঙ্গে হিন্দি গানের ঝিং, চ্যাক-জাস্ট জুড়ে দেওয়ার মতো হালকা মানসিকতার প্রবণতাকেও তীব্র কটাক্ষ করেছেন এই তৃণমূল নেতা।

তবে মানুষের কাজে বা আচরণে ভুলত্রুটি যে হতেই পারে, তা স্বীকার করে নিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু তাঁর সাফ বক্তব্য, একই ভুলের পুনরাবৃত্তি হলে তা দলের পক্ষে আত্মঘাতী হয়ে উঠতে পারে। কয়েকজনের অপরিণত আচরণের জন্য বাকি সকলের ক্ষতি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, দল এখন গদ্দারমুক্ত পরিবেশে রয়েছে এবং এই পরিস্থিতিতে আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠার বড় সুযোগ রয়েছে।

পোস্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও দিয়েছেন কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, বাংলাজুড়ে বহু দলীয় কর্মী এখনও অত্যাচারিত, বন্দি এবং ঘরছাড়া হয়েও নেত্রীর অনুগামী হয়ে রয়েছেন। সেই ত্যাগের কথা মাথায় রেখে এই কঠিন পরিস্থিতিতে কোনও ধরনের অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজকর্ম দলের জন্য মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

সবশেষে কুণাল ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, বারবার বুঝিয়ে বলার পরেও যদি পরিস্থিতির কোনও পরিবর্তন না হয়, তাহলে শৃঙ্খলা ফেরাতে কড়া ডোজের প্রয়োজন রয়েছে। দলের অন্দরের এই ক্ষোভ ও সতর্কবার্তা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *