১৬ বছরের অপেক্ষার অবসান! ফাঁসিদেওয়ায় চালু হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, থাকছে বড় চমক

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০১০ সালে বাম আমলে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে রাজ্যে সরকার পরিবর্তন হলেও, দীর্ঘ দেড় দশক ধরে সেই ক্যাম্পাস তৈরির কাজ এক চুলও এগোয়নি। অবশেষে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থমকে থাকা সেই প্রকল্পে প্রাণ ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। শনিবার প্রশাসনিক আধিকারিকদের একটি উচ্চপর্যায়ের দল নিয়ে প্রস্তাবিত ক্যাম্পাসের জমি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। পরিদর্শনের পাশাপাশি দ্রুত ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ারও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০১০ সালে। তৎকালীন বাম সরকারের আমলে ফাঁসিদেওয়ার লিম্বুটারি এলাকায় প্রায় ৭০ একর জমির ওপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে তার শিলান্যাসও সম্পন্ন হয়। কিন্তু এরপর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটলেও অজ্ঞাত কারণে প্রকল্পটি ঠান্ডা ঘরে চলে যায়। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের শিক্ষামহল ও সাধারণ মানুষের মধ্যে এই ক্যাম্পাস চালুর দাবি উঠছিল। সম্প্রতি শিলিগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত চালুর আবেদন জানান বিজেপির জেলা সভাপতি। পরবর্তী সময়ে তিনি বিষয়টি রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের নজরেও আনেন। এরপরই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয় এবং স্পিকার নিজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত কথা বলেন।
শনিবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে লিম্বুটারির ওই প্রস্তাবিত ৭০ একর জমি ঘুরে দেখেন স্পিকার রথীন্দ্র বোস। যদিও এদিনের পরিদর্শনে স্থানীয় বিধায়ককে সেখানে দেখা যায়নি। তবে জমি পরিদর্শনের পর স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, ক্যাম্পাস তৈরির কাজ আর ফেলে রাখা হবে না। দ্রুত যাতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করা যায়, সেজন্য আধিকারিকদের অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের শিল্প ও সংস্কৃতির বিকাশের ওপর বিশেষ জোর দেন স্পিকার। তিনি বলেন, উত্তরবঙ্গে শিল্প ও সংস্কৃতির বিপুল সম্ভাবনা রয়েছে। ফাঁসিদেওয়ায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হলে উত্তরবঙ্গের পড়ুয়ারা ঘরের কাছেই চারুকলা, সংগীত এবং বাদ্যযন্ত্র নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এর জন্য তাদের আর অর্থ ব্যয় করে কলকাতায় পাড়ি দিতে হবে না। নতুন সরকার এই ক্যাম্পাস তৈরির বিষয়ে সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও তিনি আশ্বস্ত করেন।
পূর্বতন সরকারগুলিকে নিশানা করে রথীন্দ্র বোস আরও বলেন, উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত করে রাখা হয়েছিল। সেই বঞ্চনার ইতিহাস বদলানোর কাজ শুরু করেছে নতুন সরকার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালুর এই উদ্যোগ তারই জীবন্ত প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই কাজ এগোবে বলে তিনি আশাবাদী। শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসই নয়, উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের জন্যও এদিন একটি বড় সুখবর দিয়েছেন স্পিকার। তিনি জানান, ওই এলাকায় সিএবি অনুমোদনপ্রাপ্ত একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির বিষয়েও ভাবনাচিন্তা চলছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পাশাপাশি এই স্টেডিয়ামটি গড়ে উঠলে তা উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হবে।