“১০ বছরের সম্পর্ক অস্বীকার”-পুলিশে চাকরি পেতেই বদলে গেলো প্রেমিকার মন, ধরনা যুবকের

পুলিশে চাকরি পাওয়ার পর এক দশকের প্রেমের সম্পর্ক অস্বীকার করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং বিয়ের দাবিতে ওই তরুণীর বাড়ির সামনে দু’জনের একসঙ্গে কাটানো ছবি ও পোস্টার সাঁটিয়ে ধরনায় বসলেন এক যুবক। ১৯ নভেম্বর সকালে কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় শালবাড়ি এলাকার বাসিন্দা রাহুল রাভা নামে ওই যুবকের সঙ্গে নাগুরহাটের এক তরুণীর প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগ, ওই তরুণী পুলিশে চাকরি পাওয়ার পর থেকেই সম্পর্কের কথা অস্বীকার করতে শুরু করেন এবং বিয়ের প্রস্তাবেও রাজি হচ্ছেন না।

বৃহস্পতিবার সকালে ওই যুবক নাগুরহাটে তরুণীর বাড়ির সামনে যান। সেখানে দু’জনের পুরনো বিভিন্ন মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দিয়ে তিনি বিয়ের দাবিতে ধরনায় বসেন। যুবকের বক্তব্য, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের স্বীকৃতি এবং বিয়ে চান তিনি। তাঁর দাবি, আগে দুই পরিবারের সম্মতি থাকলেও বর্তমানে তরুণীর পরিবার নানা অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে চলছে।

যুবকের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছনোর পর তরুণীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে বাইরে চলে যান। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং পরে ওই যুবককে থানায় নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *