শিবের দিব্যি কেটে বিশ্বাসঘাতকতা? বিগ বসে সৌরভকে ঠেলে ফেলে দিতেই ট্রোলের মুখে জিতু

শেষ পর্যায়ে পৌঁছে জমে উঠেছে বিগ বস বাংলা। ট্রফি জয়ের দৌড়ে একে অপরকে টেক্কা দিতে প্রতিটি টাস্কেই হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন প্রতিযোগীরা। সাম্প্রতিক এপিসোডে সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জিতু কামাল। এই ঘটনায় আঘাত পান সৌরভ। দৃশ্যটি সামনে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন দর্শকদের বড় অংশ। শিব ঠাকুরের দিব্যি কেটে জিতু এমন কাজ করেছেন বলে ক্ষুব্ধ সৌরভের পরিবারও। অন্যদিকে জিতুকে ঘিরে তীব্র ট্রোল শুরু হতেই শ্রীকৃষ্ণের কৌশলের উদাহরণ টেনে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তাঁর পিআর টিম।
বিগ বস হাউসে ঠিক কী ঘটেছিল?
টিকিট টু ফিনালে টাস্কের শেষ পর্বে মুখোমুখি হয়েছিলেন জিতু কামাল এবং সৌরভ দাস। নিয়ম অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতি সামলেও দু’জনকে একটি রিকশায় বসে থাকতে হতো। অন্যান্য প্রতিযোগী নানাভাবে তাঁদের মনোযোগ ও ধৈর্য ভাঙার চেষ্টা করছিলেন। কখনও ফোম মাখানো হচ্ছিল, কখনও আবার ঢালা হচ্ছিল বরফ জল। তবে ধাক্কাধাক্কি বা টানাটানি করে কাউকে নামানো যাবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিগ বস। কিন্তু প্রায় চার ঘণ্টা রিকশায় বসে থাকার পর একসময় জিতু ধাক্কা মেরে রিকশা থেকে ঠেলে ফেলে দেন সৌরভকে। তাতে আঘাত পান অভিনেতা।
এর আগে জিতু শিবের দিব্যি কেটে সৌরভকে জানিয়েছিলেন যে তিনি নিজে থেকেই রিকশা থেকে নেমে যাবেন। তাঁকে বিশ্বাস করেই ঠকেছেন বলে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় সৌরভকে।
সৌরভের পরিবারের ক্ষোভ
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় স্বামীর পাশে দাঁড়িয়ে অভিনেত্রী দর্শনা বনিক লিখেছেন, যেভাবে সৌরভকে টাস্ক থেকে সরানো হয়েছে, তা অনৈতিক এবং ভয়ঙ্কর। তাঁর কথায়, সৌরভ বরাবরই সৎ পথে জিততে চান, কাউকে আঘাত করে জয় ছিনিয়ে নেওয়া তাঁর স্বভাব নয়। সৌরভের মাকেও জিতুকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এর আগে মনামীকে ঘোড়া থেকে টেনে ফেলে দেওয়ার টাস্কের পর একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন মনামীর মাও।
দিতিপ্রিয়া ও নবনীতার প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মাঝেই মুখ খুলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি প্রশ্ন তুলেছেন, কোনও অপরাধ করে ক্ষমা চাইলে কি ছেড়ে দেওয়া হবে, নাকি বিচারকের সামনে গিয়ে জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জিতুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া। অন্যদিকে জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা মন্তব্য করেছেন, ভণ্ডামিরও একটা সীমা থাকা উচিত।
শিবের পর এ বার কৃষ্ণ
তীব্র সমালোচনার মুখে জিতুর ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে, সবকিছুই প্রেম ও যুদ্ধে বৈধ। পাশাপাশি ড্যামেজ কন্ট্রোলে জিতুর পিআর টিম জানিয়েছে, মহাভারতের কুরুক্ষেত্র থেকে বিগ বসের রণক্ষেত্র, কৌশল ছাড়া কোনও যুদ্ধই জেতা যায় না। ধর্মযুদ্ধ জেতার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকেও কৌশল ও ছলের আশ্রয় নিতে হয়েছিল, আর বিগ বস একটি সারভাইভাল গেম। পোস্টে আরও দাবি করা হয়েছে, সিজনের শুরু থেকে জিতুর গায়েও কম আঘাত লাগেনি, কিন্তু তিনি কখনও ভিক্টিম কার্ড খেলেননি। তাঁকে ভিলেন বানানো দ্বিচারিতা ছাড়া কিছু নয়।
এদিকে দর্শকদের একাংশের অভিযোগ, চ্যানেল কর্তৃপক্ষ জিতুকে জেতাতেই নাকি নিয়মে বদল আনছে। বেশিরভাগ হাউসমেট জিতুর বিপক্ষে থাকলেও পাশে দাঁড়িয়েছেন সৃজলা। তবে দর্শকদের প্রশ্ন, জিতুর এই পদক্ষেপ যদি কৌশলই হয়, তবে আগে ঘোড়া থেকে ফেলে দেওয়ার ঘটনায় নন্দিনীকে কেন কাঠগড়ায় তুলেছিলেন সৃজলা?