৯.৭৫ লক্ষ আবেদনকারীর বড় আপডেট! ডিসেম্বর ইউজিসি নেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে পরীক্ষা?

ইউজিসি নেট ডিসেম্বর পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ১৪ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা
আগামী মাসেই দেশজুড়ে আয়োজন করা হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে চলতি বছরের ডিসেম্বর সেশনের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। মোট ছ’দিন ধরে চলবে পরীক্ষা এবং এবার সেই পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করেছে এনটিএ।
এনটিএ জানিয়েছে, ডিসেম্বর সেশনের পরীক্ষা কম্পিউটার-বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হবে। আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর জাতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আয়োজন করা হবে। ইউজিসি নেটের নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ এই পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিদিন দুটি পর্বে মোট ৮৭টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। প্রথম পর্বের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা চলবে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ২১ দিন আগে পরীক্ষার্থীদের কোন শহরের কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে, সে সম্পর্কিত নথি বা সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হবে।
কোন দিনে কোন বিষয়ের পরীক্ষা?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হল:
-
১৪ ডিসেম্বর: প্রথম পর্বে ইতিহাস, পালি, প্রাকৃত এবং তুলনামূলক সাহিত্য। দ্বিতীয় পর্বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ফারসি, রুশ, বাংলা, হোম সায়েন্স, সংগীত এবং পপুলেশন স্টাডিজ।
-
১৫ ডিসেম্বর: প্রথম পর্বে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক, মালয়ালম, উর্দু, ক্রিমিনোলজি, পারফর্মিং আর্ট, উপজাতীয় ও আঞ্চলিক ভাষা এবং লোকসাহিত্য। দ্বিতীয় পর্বে সাইকোলজি, মৈথিলি, আরবি, ম্যানেজমেন্ট, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত ঐতিহ্যবাহী বিষয়, আয়ুর্বেদ বায়োলজি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট।
-
১৭ ডিসেম্বর: প্রথম পর্বে চিনা, কোঙ্কনি, স্প্যানিশ এবং কাশ্মীরি। দ্বিতীয় পর্বে ভিজ্যুয়াল আর্ট, মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন, পঞ্জাবি, তামিল, ভূগোল, মারাঠি, লেবার ওয়েলফেয়ার/রিসোর্স ম্যানেজমেন্ট এবং সাঁওতালি।
-
১৮ ডিসেম্বর: প্রথম পর্বে হিন্দি, আরব সংস্কৃতি ও ইসলামিক স্টাডিজ, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, মণিপুরি, কন্নড়, জার্মান, সিন্ধি এবং ফরাসি। দ্বিতীয় পর্বে গণজ্ঞাপন ও সাংবাদিকতা, ইলেকট্রনিক সায়েন্স, উইমেন স্টাডিজ, আইন, তেলুগু, ফরেনসিক সায়েন্স, নেপালি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং দর্শন।
-
২১ ডিসেম্বর: প্রথম পর্বে বোড়ো, গুজরাতি, সংস্কৃত, পলিটিক্স/আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার ও কর্তব্য। দ্বিতীয় পর্বে অসমীয়া, সমাজতত্ত্ব, যোগা, ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাডাল্ট এডুকেশন, প্রত্নতত্ত্ব, ওড়িয়া, সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ, পরিসংখ্যান এবং ফরেস্ট্রি।
আবেদনকারীর সংখ্যা ও যোগাযোগের মাধ্যম
চলতি বছরে ডিসেম্বর পর্বে ইউজিসি নেটের জন্য মোট ৯ লক্ষ ৭৫ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষা সংক্রান্ত কোনো মতামত বা অভিযোগ জানাতে পরীক্ষার্থীরা ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে পারবেন অথবা ugcnet@nta.ac.in-এ ইমেল করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।