দুর্নীতির টাকায় কেনা সোনা? সব্যসাচী দত্তের মামলায় ইডির চিরুনি তল্লাশি, পাশাপাশি তলব টুলু মণ্ডলকেও!

সব্যসাচী দত্তের মামলায় ইডির হানা, একযোগে ১২ জায়গায় তল্লাশি

ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানা কলকাতা ও সংলগ্ন এলাকায়। বিধাননগরের প্রাক্তন মেয়র এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় একযোগে ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ ও তদন্ত সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাতেই বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার হয়েছিল।

সব্যসাচী দত্তের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সেই ঘটনার সূত্রেই এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) দায়ের করে তদন্তে নামে ইডি। ওই মামলাতেই আপাতত শর্তাধীন জামিনে রয়েছেন সব্যসাচী দত্ত। এর আগে প্রথমে এই মামলায় রাজ্য পুলিশ একটি এফআইআর দায়ের করে, প্রাক্তন বিধায়ককে হেফাজতে নেয় এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর সোনা ও নগদ উদ্ধার করেছিল।

কীভাবে তদন্তে নামল ইডি?

প্রচুর সোনা উদ্ধারের পরও রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছিল। এরপরই ইডি একটি ইসিআইআর রুজু করে এবং তার মাধ্যমে রাজ্য পুলিশের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে। সেই ইসিআইআর-এর ভিত্তিতেই শুক্রবার (২০ নভেম্বর) একযোগে ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

কলকাতা শহরের পাশাপাশি সল্টলেক এবং লেকটাউনেও অভিযান চালানো হচ্ছে। কোথাও দফতর, কোথাও আবাসন বা বাড়িতে তল্লাশি চলছে; পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর কাছেও জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছেছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের অনুমান, এই ঘটনায় বড়সড় আর্থিক তছরুপের যোগ রয়েছে এবং দুর্নীতির অর্থ দিয়েই ওই বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল। মূলত সেই লেনদেন ও অর্থের উৎস খতিয়ে দেখতেই তথ্য যাচাই করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অন্যদিকে ভবানীভবনে হাজিরা টুলু মণ্ডলের

এর পাশাপাশি, বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব করেছে রাজ্য পুলিশ। সেই তলবে সাড়া দিয়ে শুক্রবার দুপুর ২টোর আগেই ভবানীভবনে হাজির হন তিনি। ভবানীভবনের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) বিভাগে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লির বাড়িতে তাঁর নামে হাজিরার নোটিস পাঠানো হয়। গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের স্ক্যানারে এসেছিলেন টুলু মণ্ডল। এদিকে, তাঁর আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেছে; আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর সমস্ত মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *