মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাত সপ্তাহের হাতির শাবক! উন্নত চিকিৎসার জন্য বড় উদ্যোগ বনতারার

জন্মের দিনেই ভাঙা পা, বাঁচাতে বিশেষ বিমানে গুজরাটে যাচ্ছে অসমের একরত্তি হাতি রাজা

জন্মের প্রথম দিন থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে সাত সপ্তাহের হাতির শাবক রাজা। অসমের এই ছোট্ট এশীয় হাতিটির চিকিৎসার জন্য এবার বিশেষ বিমানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুজরাতের জামনগরে অবস্থিত বনতারায়। ডান পিছনের পায়ের উরুর হাড় ভেঙে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

দীর্ঘ সাত সপ্তাহ ধরে নিজের বাড়িতেই বনতারার পশুচিকিৎসক দল তার চিকিৎসা চালালেও, এখন উন্নত হাসপাতাল পরিষেবা ছাড়া সুস্থ করে তোলা সম্ভব নয় বলে মনে করছেন চিকিৎসকেরা। অনন্ত আম্বানির উদ্যোগে ভারতে এই ধরনের তৃতীয় বিমান-উদ্ধার অভিযানের ব্যবস্থা করা হয়েছে।

বনতারার সিইও বিবান কারানি জানান, জন্ম থেকেই ভাঙা পা নিয়ে লড়াই করছে রাজা। ছোট্ট শরীর নিয়েও গত সাত সপ্তাহ ধরে সে যে সাহস দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ। অনন্ত আম্বানির সহযোগিতায় সড়কপথে কয়েক দিনের পরিবর্তে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। বনতারায় তার সুস্থ হয়ে দাঁড়ানো, হাঁটা এবং একদিন দৌড়নোর জন্য প্রয়োজনীয় সবরকম চেষ্টা করা হবে।

জন্মের প্রথম দিনেই গুরুতর চোট

২০২৬ সালের ২ অক্টোবর অসমের গোগামুখে জন্ম হয় রাজা নামে ওই হাতির শাবকের। তার মা হাতিটির বয়সও মাত্র ১১ বছর। প্রথমবার মা হওয়ায় অভিজ্ঞতার অভাব ছিল তার। সন্তান জন্মের পর ভয় ও উদ্বেগের কারণে মা হাতিটি শাবককে লাথি মারে। তাতেই জন্মের প্রথম দিনেই রাজার ডান পিছনের পায়ের উরুর হাড়, অর্থাৎ ফিমার সম্পূর্ণ ভেঙে যায়।

সাধারণত এই বয়সে হাতির শাবকের মায়ের পাশে দাঁড়িয়ে হাঁটতে শেখার কথা। কিন্তু চোটের কারণে রাজা দাঁড়াতেই পারছিল না। এমনকী, মায়ের প্রথম দুধ বা কলোস্ট্রামও সে পায়নি। নবজাতক হাতির রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক শক্তি তৈরিতে এই দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাত সপ্তাহ ধরে বাড়িতেই চিকিৎসা

রাজার মালিক ও পরিচর্যাকারীরা তার শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে বনতারার সাহায্য চান। ৮ অক্টোবর বনতারার র‍্যাপিড রেসপন্স টিম সেখানে পৌঁছয়। এক্স-রে পরীক্ষায় দেখা যায়, রাজার উরুর হাড় সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং হাড়ের দুই প্রান্ত একে অপরের উপর সরে গিয়ে স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।

এরপর ভাঙা পা প্লাস্টার ও বিশেষ ব্যান্ডেজ দিয়ে স্থির করা হয়। শাবকটিকে দাঁড়াতে সাহায্য করতে এবং আহত পায়ের উপর চাপ কমাতে স্লিং ব্যবহার করা হয়। পাশাপাশি, তার জন্য বিশেষভাবে তৈরি দুধের বিকল্প খাবার, ফিডিং বোতল এবং পরিচর্যার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

১০ অক্টোবর রাজাকে তার মালিকের পোহুমারার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বনতারার চিকিৎসক ও পরিচর্যাকারীরা নিয়মিত চিকিৎসা এবং ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে যাচ্ছেন। আহত পায়ে অতিরিক্ত চাপ না দিয়ে শরীরের নড়াচড়া ও পেশির শক্তি বাড়ানোর জন্য বিশ্রামের জায়গার কাছেই তৈরি করা হয় একটি হাইড্রোথেরাপি পুকুর।

একাধিক শারীরিক সমস্যায় সংকটজনক অবস্থা

মায়ের দুধ না পাওয়া এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারার কারণে রাজার শরীরে একের পর এক জটিলতা দেখা দেয়। তার ডায়রিয়া হয়। পরীক্ষায় ক্লেবসিয়েলা নিউমোনিয়া নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণও ধরা পড়ে। বারবার রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। রক্ত পরীক্ষায় লিভারের বিভিন্ন সূচকও বেড়ে যায়, যা লিভারের উপর চাপের ইঙ্গিত দেয়।

দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে মাথায় ক্ষত তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে নাভির হার্নিয়া এবং সার্বিক শারীরিক দুর্বলতা। চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক, শিরার মাধ্যমে তরল, লিভারের সহায়ক ওষুধ, ভিটামিন, খনিজ পদার্থ, প্রোবায়োটিক, ক্ষতস্থানের পরিচর্যা এবং বিশেষ পুষ্টিকর খাবারের মাধ্যমে প্রতিটি সমস্যার চিকিৎসা করছেন।

তবে এখনও রাজার শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। উন্নত রোগ নির্ণয়, সারাক্ষণ পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসা এবং পরিকল্পিত পুষ্টি ও পুনর্বাসনের জন্য এবার তাকে সম্পূর্ণ পরিকাঠামোযুক্ত হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি।

বিশেষ বিমানে চার ঘণ্টার যাত্রা

২০ নভেম্বর ২০২৬ তারিখে গুয়াহাটি থেকে জামনগরের উদ্দেশে বিশেষ বিমানে রওনা হওয়ার কথা রাজার। প্রায় চার ঘণ্টার এই যাত্রার জন্য তার শারীরিক গঠন অনুযায়ী বিশেষ একটি খাঁচা তৈরি করা হয়েছে। তাতে ভাঙা পা স্থির ও সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নরম ও পুরু বিছানা দেওয়া হয়েছে, যাতে বিমান ওঠা, উড়ান এবং অবতরণের সময় ধাক্কা না লাগে এবং শরীরের ক্ষতস্থান সুরক্ষিত থাকে।

পুরো যাত্রায় রাজার সঙ্গে থাকবেন বনতারার পশুচিকিৎসক, প্যারাভেট এবং পরিচর্যাকারীদের একটি বিশেষ দল। তারা নিয়মিত তার হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস, শরীরের তাপমাত্রা, জলীয় ভারসাম্য এবং রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করবেন। বিমানে প্রয়োজনীয় তরল, ওষুধ এবং দুধের ব্যবস্থাও রাখা হয়েছে।

সড়কপথে ২,৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হলে কয়েক দিন সময় লাগত। এত ছোট এবং দুর্বল শাবকের পক্ষে সেই দীর্ঘ যাত্রা বিপজ্জনক হতে পারত। বিমানে নিয়ে যাওয়ায় কয়েক দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বনতারায় শুরু হবে উন্নত চিকিৎসা

জামনগরে পৌঁছনোর পর রাজাকে বনতারার হাতিদের জন্য নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হবে। পাশাপাশি চলবে ব্যথা নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ওষুধ, চলাফেরার থেরাপি এবং পুষ্টির মাধ্যমে শারীরিক শক্তি ফিরিয়ে আনার চিকিৎসা। চোটের ধরন এবং বর্তমান শারীরিক অবস্থার কারণে রাজাকে সারা জীবন পশুচিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখতে হতে পারে। বনতারার পক্ষ থেকে জানানো হয়েছে, তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব তারা গ্রহণ করতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *