থানা থেকে বেরোতেই অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! গিরিশ পার্কে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, উত্তাল এলাকা

গিরিশ পার্ক থানার বাইরে ধস্তাধস্তি ও চরম উত্তেজনা, প্রায় ৪ ঘণ্টা পর থানা ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গিরিশ পার্ক থানার বাইরে ফের তীব্র উত্তেজনা ছড়াল। প্রায় চার ঘণ্টা পর গিরিশ পার্ক থানা থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এর পরেই থানার বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের ‘চোর’ স্লোগান ওঠে এবং বিজেপি ও কালীঘাট-তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে স্লোগান-পাল্টা স্লোগান ও বিক্ষোভ শুরু করে, একপর্যায়ে ধস্তাধস্তিও বেধে যায়। পরে হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ডায়মন্ডহারবারের এই সাংসদকে তলব করা হয়েছিল, সেই মতোই তিনি থানায় হাজির হন।

এদিন বেলা সাড়ে ১২টার কিছু পরে গিরিশ পার্ক থানায় এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গাড়িতে করে আসার সময় কালীঘাট-তৃণমূলের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিচ্ছিলেন। এরপর সাংসদ থানার ভিতরে প্রবেশ করেন। ঠিক সেই সময়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

বিক্ষোভকারী বিজেপি নেতৃত্ব ও সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন কালীঘাট-তৃণমূলের সমর্থকরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কীভাবে এই ধরনের মন্তব্য করা হল, সেই ক্ষোভ থেকেই তাঁরা বিক্ষোভে শামিল হন বলে জানান। অভিযোগ, এরপর গোটা এলাকায় কালীঘাট-তৃণমূলের কেউ রয়েছেন কি না তা খতিয়ে দেখতে শুরু হয় খোঁজাখুঁজি। যেখানে যাঁকে পাওয়া যায়, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মহিলা সমর্থকদের সামনে মহিলা বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে যান বলেও খবর মেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হয় এবং কাউকে কাউকে ধাওয়া করে এলাকাছাড়া করার দৃশ্যও দেখা যায়।

বিক্ষোভকারীদের বক্তব্য

ঘটনার সময় এক বিক্ষোভকারী দাবি করেন, অভিষেকের পক্ষ নিয়ে যাঁরা এসেছিলেন, সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, পুলিশকে ধমকানোর চেষ্টা চললেও সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছেন যে এটি সাধারণ মানুষের সরকার এবং কোনো দাদা-দিদি-পিসি-ভাইপোর দালালি বা গুন্ডামি মেনে নেওয়া হবে না।

অন্যদিকে, এক মহিলা বিক্ষোভকারী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালাগালি করার অভিযোগেই তাঁরা প্রতিবাদে নেমেছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে কাউকে ছেড়ে কথা বলা হবে না।

সব মিলিয়ে গিরিশ পার্ক থানা চত্বর ও সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ টানটান উত্তেজনা বজায় থাকলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *