বিভক্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ! মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলার ভবিষ্যৎ এবার কার হাতে?

মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইনকে ঘিরে আইনি লড়াইয়ে নয়া মোড়। দুই বিচারপতির বেঞ্চের বিভক্ত রায় পুনর্বিবেচনার আবেদন আলাদাভাবে জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত কোনো আপত্তি বা বিভক্ত রায় প্রত্যাহারের আবেদন থাকলে তা পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনেই তোলা যেতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে। মূল মামলার সঙ্গেই এই আবেদনটি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।

মূল বেঞ্চে শুনানির দাবি ও ‘স্বার্থের সংঘাত’-এর অভিযোগ

শুক্রবারের শুনানিতে আবেদনকারীদের তরফে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, বিভক্ত রায় পুনর্বিবেচনার আবেদনটি মূল দুই বিচারপতির বেঞ্চেই শোনা উচিত। গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল।

প্রশান্ত ভূষণ আদালতে জানান, বিচারপতি সতীশচন্দ্র শর্মা আগামী সপ্তাহেই অবসর নিতে চলেছেন। পাশাপাশি তিনি গুরুতর অভিযোগ তুলে দাবি করেন, বিচারপতি শর্মার ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে নির্বাচন কমিশনের স্থায়ী আইনজীবী হিসেবে কাজ করেছেন। ফলে এই মামলার শুনানিতে বিচারপতি শর্মার অংশগ্রহণের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’-এর প্রশ্ন রয়েছে। তাঁর যুক্তি ছিল, বিচারপতি শর্মার ভিন্নমতের কারণেই মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই তাঁর অবসরের আগেই মূল বেঞ্চে ওই রায় প্রত্যাহারের আবেদন শোনা অত্যন্ত জরুরি।

পাঁচ বিচারপতির বেঞ্চেই নিষ্পত্তির ইঙ্গিত

প্রশান্ত ভূষণের এই সওয়ালের জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে জানান, কোনও বিচারপতি অবসর নিলেও রায় পুনর্বিবেচনার আবেদন তালিকাভুক্ত হতে বাধা নেই এবং বেঞ্চের প্রিসাইডিং বিচারপতি (বিচারপতি দীপঙ্কর দত্ত) তো থাকছেনই। পাশাপাশি প্রধান বিচারপতি এও মনে করিয়ে দেন যে, মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত দুই বিচারপতিই বিষয়টি উপযুক্ত নির্দেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানোর বিষয়ে সহমত হয়েছিলেন। শেষ পর্যন্ত আলাদা শুনানির আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই সমস্ত আপত্তি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনেই পেশ করা যাবে।

বিতর্কের নেপথ্যে কী?

প্রসঙ্গত, ২০২৩ সালের নতুন আইনে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের নির্বাচনী কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে তাঁর জায়গায় প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-সহ একাধিক আবেদনকারীর দাবি, এই আইনের ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। এই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত কি না, তা নিয়েই গত সেপ্টেম্বরে বিচারপতি দীপঙ্কর দত্ত (যিনি বৃহত্তর বেঞ্চে পাঠানোর বিপক্ষে ছিলেন) এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার (যিনি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর পক্ষে ছিলেন) মধ্যে মতবিরোধ দেখা দেয়। এবার সবার নজর পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের শুনানির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *