ভ্যানের সঙ্গে বেঁধে থানায় নিয়ে যাওয়া হলো ছেলেকে! দুর্গাপুরের এই ঘটনায় শোরগোল

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে সামনে এসেছে এক মর্মান্তিক ও অসহায়তার ছবি। নেশার কবলে পড়া ছেলের ক্রমাবনতিশীল অবস্থায় দিশেহারা এক বাবা ছেলেকে দড়ি ও নল দিয়ে নিজের ভ্যানের সঙ্গে বেঁধে দুর্গাপুর থানায় পৌঁছান। বাবার দাবি, ছেলেকে শাস্তি দেওয়া তাঁর লক্ষ্য ছিল না, বরং ছেলেকে বাঁচানো এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করাই ছিল একমাত্র উদ্দেশ্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গেছে, দুর্গাপুরের পাওয়ার হাউস কলোনির বাসিন্দা ভ্যানচালক সুনীল সাহের ছেলে কানহাইয়া সাহ ১৫ নভেম্বর ছট পুজোর রাতে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সুনীলবাবুর কথায়, ছেলে ঠিক কী ধরনের নেশা করেছিল, তা পরিবারের কারও জানা নেই। ছেলের অদ্ভুত আচরণ ও মানসিক অবস্থার অবনতিতে চরম দুশ্চিন্তায় পড়ে গোটা পরিবার।

পরিবারের লোকজন যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে বাবার অভিযোগ, হাসপাতালে ছেলেকে ভর্তি নেওয়া হয়নি। অন্যদিকে আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর উপায়ও ছিল না পরিবারের কাছে। ফলে ছেলের চিকিৎসা ঘিরে বড়সড় সংকটে পড়েন তাঁরা।

ছেলের অস্বাভাবিক আচরণে যেকোনো মুহূর্তে বড় কোনো বিপদ বা নিজের ক্ষতি করে ফেলার আশঙ্কা করছিলেন বাবা। সেই আতঙ্ক ও অসহায়তা থেকেই দড়ি ও নল দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে ছেলেকে থানায় নিয়ে যান সুনীল সাহ। সেখানে পুলিশ আধিকারিকদের কাছে ছেলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার কাতর আবেদন জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *