‘৭ দিন দাঁড়ান, জোড়াফুল মমতারই থাকবে’, অভিষেকের চ্যালেঞ্জে ঋতব্রতর পাল্টা ‘৭ জন্ম’ খোঁচা!

তৃণমূলের নাম ও প্রতীক শেষ পর্যন্ত কার দখলে যাবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি নির্বাচন কমিশন। তবে তার আগেই একেবারে সময় বেঁধে তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছেন, সাত দিন অপেক্ষা করুন, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে এবং থাকবে। এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাত জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর তাঁরা পাবেন না। দুই নেতার এই তীব্র চাপানউতোরেই ফের সরগরম হয়ে উঠেছে তৃণমূলের প্রতীক-সংঘাত।
বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পরই তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়কদের বড় অংশ বিদ্রোহ ঘোষণা করে আলাদা শিবির গড়ে তোলে। এর ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের প্রকৃত দাবিদার কারা, তা নিয়ে দুই শিবিরের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। গত ১৭ সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। এরপর কমিশনের শুনানিতে নিজেদের পক্ষে সওয়াল করে বিপুল পরিমাণ নথি ও হলফনামা জমা দিয়েছে মমতা তৃণমূল এবং গণতান্ত্রিক তৃণমূল। যদিও এখনো চূড়ান্ত রায়ের অপেক্ষা রয়েছে।
এরই মাঝে বুধবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে বিস্ফোরক ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাত দিন খালি দাঁড়ান, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে ও থাকবে। পাশাপাশি তিনি দাবি করেন, কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাকিটা বড় পর্দায় সবাইকে সাক্ষী রেখে তুলে ধরা হবে। অভিষেকের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অভিষেকের চ্যালেঞ্জের কড়া জবাব দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্রথমত এখন কারও হাতেই মূল প্রতীক নেই। নাম ও প্রতীক—কোনোটিই কারও দখলে নেই, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে রয়েছে এবং কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সাত দিনের মধ্যে প্রতীক পাওয়ার যে দাবি তোলা হচ্ছে, তা নস্যাৎ করে ঋতব্রত কটাক্ষের সুরে বলেন, সাত জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর তাঁরা পাবেন না।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রতীক ফ্রিজ করার অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল মমতা তৃণমূল। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে তিন মাসের মধ্যে ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে বিবাদ নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ভরসায় এমন আত্মবিশ্বাসী মন্তব্য করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারও কাছ থেকে কি বিশেষ কোনো আশ্বাস মিলেছে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো বড় কারণ? সব মিলিয়ে সর্বভারতীয় তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশন কবে ও কী রায় দেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।